শীর্ষে লিভারপুল

ডার্বি ম্যাচ মানেই আলাদা এক রোমাঞ্চ। সেটি ছাপিয়েও কাল নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের সামনে হাতছানি ছিল টটেনহামকে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে ওঠার। কিন্তু হ্যারি কেন চোট কাটিয়ে নিজের ফেরার ম্যাচে গোল করে আর্সেনালকে সে সুযোগ দিলেন না। ম্যাচটা শেষ হলো ১-১ গোলে ড্রতে। তবে আর্সেনাল না পারলেও লিভারপুল পেরেছে। ওয়াটফোর্ডকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে মৌসুমে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল।
আর্সেনালের বিপক্ষে আগের পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল পেয়েছিলেন। তবে কালকের গোলটি হ্যারি কেন আলাদা করে মনে রাখবেন, চোট কাটিয়ে যে মাস খানেক পর মাঠে ফিরেছেন। টটেনহামও হার থেকে রক্ষা পেল, এই মৌসুমে ইংলিশ লিগে ১১ ম্যাচ শেষে এখনো তারাই একমাত্র অপরাজিত দল।
আর্সেন ওয়েঙ্গার অবশ্য হতাশ হতেই পারেন। কিছুদিন ধরেই যে নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জয়টা অধরা থেকে যাচ্ছে। এ নিয়ে লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে টটেনহামের সঙ্গে জয় পায়নি আর্সেনাল, ওয়েঙ্গার দায়িত্ব নেওয়ার পর যা আর্সেনালের প্রথম অভিজ্ঞতা।
কাল শুরুতে অবশ্য এগিয়ে যায় আর্সেনালই। বিরতির কয়েক মিনিট আগে মেসুত ওজিলের ফ্রি-কিকটা হেড করে ফেরাতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন লিগে কালই অভিষেক হওয়া টটেনহাম ডিফেন্ডার কেভিন উইমার। অবশ্য উইমারের দুঃস্বপ্ন ভুলিয়ে দিয়েছেন কেন। বিরতির মিনিট ছয়েক পরই পেনাল্টি থেকে গোল করে টটেনহামকে ফেরান সমতায়।
লিভারপুল-ওয়াটফোর্ড ম্যাচে হয়েছে গোলবন্যা। তবে ফরোয়ার্ডদের ফিনিশিংটা আরেকটু নিখুঁত হলে ওয়াটফোর্ডের জালে আরও গোল দিতে পারত লিভারপুল। তবে যা হয়েছে, তাতেই খুশি হবেন অলরেড কোচ ক্লপ। সাদিও মানের জোড়া গোলের পাশাপাশি গোল পেয়েছেন রবার্তো ফিরমিনো, ফিলিপে কুতিনহো, জর্জিনিও ভাইনালডাম ও এমরে চান। লিগ তালিকার শীর্ষে থেকেই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে লিভারপুল।
দিনের অন্য ম্যাচে সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইব্রাহিমোভিচ করেছেন জোড়া গোল। দিনের সেরা গোলটি করেছেন পল পগবা, বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে। সূত্র: স্টার স্পোর্টস।
এক নজরে
ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনাল ১: ১ টটেনহাম
লিভারপুল ৬: ১ ওয়াটফোর্ড
হাল সিটি ২: ১ সাউদাম্পটন
সোয়ানসি ১: ৩ ইউনাইটেড
লেস্টার ১: ২ ওয়েস্টব্রম
লা লিগা
রিয়াল মাদ্রিদ ৩: ০ লেগানেস
সেল্টা ২: ১ ভ্যালেন্সিয়া
সিরি আ
ভেরোনা ১: ২ জুভেন্টাস
পালের্মো ১: ২ এসি মিলান
* প্রথমে স্বাগতিক দল