শীর্ষেই চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। বক্সিং ডের প্রথম ম্যাচে ওয়েস্ট হামের সঙ্গে ২-০ গোলের জয় পেয়েছে তারা। কাল জিতেছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলও।
স্টামফোর্ড ব্রিজে ৩১ মিনিটে জন টেরির গোলে এগিয়ে যায় চেলসি। ৬১ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তার লিগের ১৩তম গোলে ব্যবধান দ্বিগুণ। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে মরিনহোর দল আছে সবার ওপরেই। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটি কাল ৩-১ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ব্রমউইচকে। সিটির গোল তিনটি করেছেন ফার্নান্দো, ইয়া তোরে এবং ডেভিড সিলভা। সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও একই ব্যবধানে জিতেছে নিউ ক্যাসলের বিপক্ষে। জোড়া গোল করেছেন ওয়েইন রুনি। অন্য গোলটি ফন পার্সির। রহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে লিভারপুল হারিয়েছে বার্নলিকে। স্টার স্পোর্টস।