শুধু অস্ট্রেলিয়াই পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে অস্ট্রেলিয়ার অসহায় হারের খবর পড়েছেন অনেক। শুধু ক্রিকেট নয়, গতকাল ফুটবলেও ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ানরা। হারেনি, তবে আগের চার ম্যাচে পয়েন্টশূন্য থাইল্যান্ডের সঙ্গে দুটি পেনাল্টির সৌজন্যে ড্র করাও তো ‘সকারু’দের জন্য ব্যর্থতাই। ২-২ গোলের ড্র নিয়ে নিজেদের গ্রুপে তিনে আছে অস্ট্রেলিয়া (৯ পয়েন্ট)।
শুধু অস্ট্রেলিয়াই ব্যর্থ, এ ছাড়া কাল এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে জিতেছে প্রায় সব বড় দলই। এই গ্রুপেই জাপান ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবকে। ১০ পয়েন্ট নিয়ে দুই দলই অস্ট্রেলিয়ার ওপরে, গোলগড়ে শীর্ষে সৌদি আরব। অন্য গ্রুপে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে উজবেকিস্তানকে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে (১০ পয়েন্ট)। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইরান, কাল যারা গোলশূন্য ড্র করেছে সিরিয়ার সঙ্গে।
প্রতি গ্রুপ থেকে দুটি দল ২০১৮ বিশ্বকাপে সরাসরি যাবে। আর দুই গ্রুপের তৃতীয় দুটি দল খেলবে চতুর্থ রাউন্ডে, সেখানে জয়ী দল প্লে-অফ খেলবে কনক্যাকাফ অঞ্চলের চতুর্থ দলের সঙ্গে। ফিফাডটকম।