শুধু আর একটা জয় চান মার্টিনো

আরও একটা ফাইনাল, আরও একবার স্বপ্নপূরণের দুয়ারে আর্জেন্টিনা! সর্বশেষ দুবার ঠিক এমন জায়গা থেকে খালি হাতে ফিরেছেন লিওনেল মেসিরা। এবার কী হবে?
বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময় গোল খেয়ে যখন আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হয়, কোচ ছিলেন আলেজান্দ্রো সাবেলা। তবে গত বছর চিলির কাছে কোপার ফাইনালে টাইব্রেকারে হারটা কিন্তু মার্টিনোর অধীনেই। খুব কাছে গিয়ে স্বপ্নভঙ্গের অভিজ্ঞতা আছে বলেই এবার আগে থেকে কোনো কিছু নিশ্চিত ধরে রাখতে চান না মার্টিনো, ‘গত বছরও আমরা এই জায়গায় ছিলাম, তার আগের বছরও। এবার আমরা শেষ পর্যন্ত কোথায় থাকব, সেটি বোঝা যাবে রোববারের ফাইনালের পর। ওই ম্যাচ দিয়েই আমাদের বিচার করতে হবে। সেটির পরই বোঝা যাবে আমরা সেরা, না কি সেরা নই।’
অবশ্য এখন পর্যন্ত এ টুর্নামেন্টে নিজের দলের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট মার্টিনো। চিলির বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে এবারের কোপা শুরু করেছিল আর্জেন্টিনা। পরের চার ম্যাচে মেসিরা প্রতিপক্ষের জালে দিয়েছেন আরও ১৬ গোল। সব মিলিয়ে ৫ ম্যাচে ১৮ গোল! মার্টিনোর কণ্ঠে তাই তাঁর খেলোয়াড়দের প্রশংসা, ‘ছেলেরা প্রতিটি ম্যাচেই উন্নতি করছে। আশা করছি এটা ওরা ধরে রাখতে পারবে।’
আলাদা করে বললেন মেসির কথাও, ‘খুব ভালো লাগছে যে বিশ্বসেরা খেলোয়াড় এই টুর্নামেন্টেও আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। ওকে নিয়ে আমরা সবাই গর্বিত।’
তবে আর্জেন্টিনার কোচ ভালো করেই জানেন, ফাইনাল দিয়েই সবকিছুর বিচার হবে। ফাইনালে প্রত্যাশিত ফল এনে দিতে না পারলে মানুষ ভুলে যাবে এই ১৮ গোলের কথাও। এ কারণে শিষ্যদের কাছে বেশি কিছু চান না। শুধু চান আর একটা জয়। মাত্র একটা জয়ই তো! সূত্র: এএফপি, রয়টার্স।