শুধু এল ক্লাসিকোই আজ একমাত্র আকর্ষণ নয়!

ইউরোপের ক্লাব ফুটবলের ভক্ত হয়ে থাকলে গত কিছুদিন নিশ্চয়ই পানসে কেটেছে আপনার। সেই বিরতি শেষে দেশে দেশে আবার শুরু হয়ে গেছে ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই।
সেটি গতকাল রাত থেকেই। দুই লিগে দুই পরাশক্তি মাঠে নেমেছিল, হেরে গেছে দুই দলই। জার্মান লিগে ডর্টমুন্ড ৩-১ গোলে হেরে গেছে হামবুর্গের মাঠে। আর ফ্রেঞ্চ লিগে নিসের মাঠে গিয়ে ৩-০ গোলে হেরেছে অলিম্পিক লিওঁ।
ম্যাচ দুটিকে ‘বিক্ষিপ্ত ঘটনা’ মনে করে হিসেব থেকে বাদ দিয়ে দিন। ইউরোপিয়ান ফুটবল তার সব রূপ-রস-গন্ধ নিয়ে তো হাজির হবে আজ। মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘এল ক্লাসিকো’। রোনালদো বনাম মেসি, বেল বনাম নেইমার, বেনজেমা বনাম সুয়ারেজ...একজন ফুটবল ভক্তের কাছে এর চেয়ে উপাদেয় আর কী হতে পারে! তবে শুধু রিয়াল মাদ্রিদ-বার্সেলোনাই একমাত্র বড় ম্যাচ নয়। ইংল্যান্ড, জার্মানি আর ইতালিতেও আছে জিভে জল এনে দেওয়ার মতো কিছু ম্যাচ।
ইংল্যান্ডে সবচেয়ে বড় ম্যাচ লিভারপুল-ম্যানচেস্টার সিটি। পয়েন্ট তালিকার দিকে তাকালে অবশ্য এটিকে ‘বড়’ ম্যাচ মনে হবে না। লিগ শীর্ষে থাকা সিটির সঙ্গে তালিকার দশ নম্বরের লড়াই—এ আর এমন কী! এমন মনে হয়ে থাকলে কয়েকটি শব্দ শুনে নিন—‘ইয়ুর্গেন ক্লপ’, ‘হেভি মেটাল ফুটবল’, ‘গেগেনপ্রেসিং’। এই শব্দগুলোতে বিশ্বাস করেই দিন বদলের ক্ষণ গুনছে লিভারপুল।
এক মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই লিভারপুলের খেলায় কিছু পরিবর্তন এনেছেন ক্লপ। এরই মধ্যে স্টামফোর্ড ব্রিজে গিয়ে চেলসিকে হারিয়েছে তাঁর দল। আজ সিটির মাঠেও নিশ্চয়ই তেমন কিছুই করতে চাইবেন জার্মান কোচ। সিটিও আছে দুর্দান্ত ফর্মে। তার ওপর আজ চোট কাটিয়ে মাঠে নামতে পারেন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোও। সঙ্গে ইতিহাদের ইতিহাসও দিচ্ছে প্রেরণা। নিজেদের মাঠে যে ২০০৮ সালের পর লিগে লিভারপুলের কাছে কখনো হারেনি সিটি।
তবে খেলার বাইরেও ম্যাচে আরেকটা বিষয় দেখার আছে। লিভারপুল সমর্থকদের কাছ থেকে কেমন ‘অভিবাদন’ পান রাহিম স্টার্লিং! অনেক নাটকের পর এই মৌসুমেই লিভারপুল ছেড়ে সিটিতে এসেছেন ইংলিশ ফরোয়ার্ড, আজই প্রথম দেখা হচ্ছে সাবেক ক্লাবের সঙ্গে।
জার্মানিতে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও শালকে। বুন্দেসলিগাকে এক রকম নিজেদের সম্পত্তি বানিয়ে নেওয়া বায়ার্ন এই মৌসুমেও চলছে চেনা পথে। এরই মধ্যে এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা ডর্টমুন্ডের (২৯ পয়েন্ট) চেয়ে এগিয়ে আছে ৫ পয়েন্টে। লিগে এখনো কোনো ম্যাচ হারেনি। ‘চাঁদের কলঙ্ক’ বলতে শুধু এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ড্রটাই।
গত মৌসুমে দুই ম্যাচে একবারও শালকের সঙ্গে জিততে পারেনি পেপ গার্দিওলার দল। আজও জিততে না পারলে জার্মান লিগে এই প্রথম কোনো দলের সঙ্গে টানা তিন ম্যাচে জয়হীন থাকবেন সাবেক বার্সা কোচ।
ইতালিতে বড় ম্যাচটা ‘নস্টালজিয়া’য় ভোগাবে বেশি। জুভেন্টাসের মাঠে খেলতে যাবে এসি মিলান। এক সময়ের ইউরোপের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি এখন ভুগছে ইমেজ সংকটে। টানা চারবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস লিগের জঘন্য শুরুটাকে অবশ্য একটু ‘ভদ্রস্থ’ অবস্থায় নিয়ে এসেছে—পয়েন্ট তালিকার ৭ নম্বরে আছে। আর নতুন কোচ সিনিসা মিহাইলোভিচের অধীনে ভাগ্য ফেরানোর আশায় থাকা মিলান আছে ছয়ে।
তবে খেলোয়াড়দের মনে এই ম্যাচটা এখনো কিছুটা শিহরণ জাগায়। এসি মিলান স্ট্রাইকার লুইজ আদ্রিয়ানো যেমন ম্যাচটিকে ‘ডার্বি’র সঙ্গে তুলনা করে বললেন, ‘এই ম্যাচটা ফাইনালের মতো।’
একটা বিষয় অবশ্য একটু বিরক্তি জাগাচ্ছে। এত এত ম্যাচ, অথচ সবগুলো দেখার সুযোগ থাকছে না। একটা দেখতে গেলে আরেকটা মিস করতেই হচ্ছে। তিনটি ম্যাচই যে প্রায় একই সময়ে। সিটি-লিভারপুল আর বায়ার্ন-শালকে ম্যাচটা রাত ১১.৩০ মিনিটে। এল ক্লাসিকোও একই সময়ে—১১.১৫ তে। শুধু জুভেন্টাস-মিলান ম্যাচটাই একটু ‘সুবিধাজনক’ সময়ে—রাত ১.৪৫ মিনিটে।