
সাফ ফুটবলের মঞ্চে যে দলটিকে তুলে ধরবেন মারুফুল হক, সেটিকে ক্ষুরধার লাগল? নাকি সাদামাটা?
একটা প্রস্তুতি ম্যাচের আয়নায় হয়তো প্রতিবিম্বটা পুরোপুরি ফুটে উঠবে না। তবে চেনা প্রতিপক্ষ নেপালের সঙ্গে কাল বাংলাদেশকে গড়পড়তা দলই লাগল। প্রায় সমশক্তির দলের সঙ্গে যেমন খেলাটা আশা করা গিয়েছিল, সেটি থেকে অনেকটা দূরে বাংলাদেশ দল।
যদি আসে জয়-পরাজয়ের প্রসঙ্গ, তাতে অবশ্য বাংলাদেশের দৃশ্যমান প্রাপ্তি আছে। ম্যাচের একমাত্র গোলটা বাংলাদেশেরই। স্বাগতিক দলকে তাই এক অর্থে সফল যায়। কোচ হিসেবে আন্তর্জাতিক অভিষেক জয় দিয়ে হওয়ায় মারুফুল হকেরও খুশিই হওয়া উচিত। কিন্তু কোচ নিজেই অসন্তুষ্ট। তিনি তো জানেন, ম্যাচ বিশ্লেষণে নেপালকে ৬০ নম্বর দিলে বাংলাদেশ টেনেটুনে ৪০ পাবে।
বল পজেশনে নেপাল এগিয়ে থাকল অন্তত ৬০-৪০, নিচ থেকে খেলাটা তৈরি করল তারাই। আক্রমণে দলটার অংশগ্রহণ অনেক বেশি দেখা গেল। টেকনিক্যাল ও ট্যাকটিক্যালি এগিয়ে। পাতানো খেলার অভিযোগে জেরবার নেপাল নামিয়েছিল ছয়জন নবীন খেলোয়াড়কে। অথচ তারাই বাংলাদেশের চেয়ে গোছানো ফুটবল খেলেছে। আক্রমণে অধিনায়ক অনিল গুরুং, আদিত্য আর নবীন লামারা জায়গা বদল করে জোরালো আক্রমণ গড়েছেন বার কয়েক। একবার রোহিতের শট লাগল বারে। নেপাল গোল পেল না, তবে দর্শকের মন ঠিকই জিতল।
মারুফের অধীনে ১৮ দিনের অনুশীলনে বাংলাদেশের দলের কাছে খুব বেশি চাওয়া হয়তো বাড়াবাড়ি। তবে এও ঠিক, কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি দল। খেলাটা নিচে থেকে গড়ার কাজে মনোযোগী ছিলেন না ফুটবলাররা। আক্রমণে তাঁরা সেভাবে যোগ দিলেন না কেন বোঝা গেল না। বক্সে ক্রস বা দুর্দান্ত কোনো থ্রু খুঁজে ফিরেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসা কয়েক হাজার দর্শক। কিন্তু দেখা মিলল না।
মাঝমাঠের ব্যর্থতাই বড় কারণ। অসুস্থ জামাল ভূঁইয়ার অভাব খুব করেই অনুভূত হয়েছে। দলে তাঁর বিকল্প নেই বোঝা গেল ভালোভাবেই। জামাল যেভাবে খেলা তৈরিতে ভূমিকা রাখেন তা অন্য কেউ করতে পারেনি কাল। সোহেল রানা ও মিশুর ওপর সেই দায়িত্ব ছিল অনেকটা, তাঁরা পারলেন না। মামুনুল তৎপর ছিলেন, কিন্তু অন্যরা তাল মেলাতে না পারায় খেলাটা তৈরি হয়নি। সাফের আগে জামালকে পুরো সুস্থ পাওয়া না গেলে বিপদ যে হতে পারে, সেই গন্ধ পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ দল একটি মাত্র মুহূর্তই শুধু উপহার দিতে পেরেছে। ১৮ মিনিটে বাঁ দিক থেকে ইয়ামিন মুন্নার ক্রসে স্ট্রাইকার শাখাওয়াত রনির দারুণ হেডটা জালে। কিন্তু একটি গোল করে বাংলাদেশ দল বরাবর যেমন রক্ষণাত্মক খোলসে ঢুকে পড়ে, এ ম্যাচেও সেই রোগটা দেখা গেল।
এসবই সতর্কসংকেত। ২৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান, শুরুতেই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে দল সাজানোর কাজটাই হয়তো বা কাল করতে চেয়েছিলেন মারুফুল হক। তবে তাঁর প্রথম একাদশ দেখে মনে হয়নি এটিই সেরা একাদশ। কিছুদিন ধরে পোস্টের নিচে বেশি প্রাধান্য পাওয়া সোহেল থাকলেন বেঞ্চে। এই একাদশে কোচ হেমন্তকে বাঁ দিকের উইংয়ে খেলালেন, সাফেও এখানেও ব্যবহার করতে চান। তবে ঘরোয়া ফুটবলে এ জায়গাটায় তাঁকে দেখা যায়নি।
গোটা ম্যাচে যেমন দেখা যায়নি বল নিয়ে বাংলাদেশ দলের ওপরে ওঠার তাগিদ। সত্যি বলতে গোটা ম্যাচে মনকাড়া কোনো দৌড় নেই। টানা অনুশীলনে খেলোয়াড়দের শরীরে ক্লান্তি, এটা একটা কারণ হতে পারে। কিন্তু সেটা তো নেপালের বেলায়ও প্রযোজ্য। নেপাল পারলে বাংলাদেশ পারবে না কেন!
বাংলাদেশ দল: আশরাফুল রানা, ইয়ামিন (ওয়ালি ফয়সাল) (রায়হান), ইয়াসিন, মিশু, নাসিরুল, নাসির উদ্দিন (তপু), সোহেল রানা (জীবন), জাহিদ (জুয়েল রানা/ ফয়সাল মাহমুদ), হেমন্ত, মামুনুল, শাখাওয়াত রনি।