শুধু পেনাল্টিতেই অচেনা মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি পেনাল্টি ফসকে গেল। পরশু রাতটা লিওনেল মেসির জন্য শুধু এমন হতাশারই ছিল না, দুটি গোল করে বড় জয়ই এনে দিয়েছেন বার্সাকে l রয়টার্স
আরেকটি পেনাল্টি ফসকে গেল। পরশু রাতটা লিওনেল মেসির জন্য শুধু এমন হতাশারই ছিল না, দুটি গোল করে বড় জয়ই এনে দিয়েছেন বার্সাকে l রয়টার্স

এ এক অদ্ভুত বৈপরীত্য! চার-পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে অবিশ্বাস্য সব গোল করতে যাঁর জুড়ি নেই, তিনি কিনা ১২ গজ দূর থেকে শুধু একজন গোলরক্ষককে পরাস্ত করে গোল করতে ভুল করে ফেলেন! পেনাল্টি শট নিতে গেলে আসলে কী হয় মেসির, সেটি নিয়ে বোধ হয় একটা গবেষণাপত্রই বের করা যায়।
পরশু ন্যু ক্যাম্পে লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচটাই দেখুন! একেবারে শেষ মুহূর্তে লেভান্তের চারজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে যে গোলটা করেছেন, সেটি দেখে কে বলবে এই লোকটিই মিনিট পনেরো আগে একটা পেনাল্টি নিতে গিয়ে বল মেরে দিয়েছেন বারের অনেক ওপর দিয়ে। অবশ্য এর আগে ম্যাচের ৬১ মিনিটে আরেকটি পেনাল্টি নিয়েছিলেন মেসি। সেটি থেকে গোলও করেছেন। সঙ্গে মার্ক বার্ত্রা আর নেইমারের আরও দুই গোল মিলিয়ে লেভান্তের বিপক্ষে বার্সেলোনার জয়টা ৪-১ গোলের, এই মৌসুমে তাদের সবচেয়ে বড়। কিন্তু দিন শেষে আলোচনা মেসির ওই পেনাল্টি নষ্ট করা নিয়েই।
এমন আলোচনা হওয়ার যথেষ্ট কারণও আছে। ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে এ পর্যন্ত ৮১টি পেনাল্টি নিয়েছেন মেসি। নষ্ট করেছেন এর ১৭টি। সাফল্যের হার শতকরা প্রায় ৭৯ ভাগ। গড়পড়তা খেলোয়াড়দের জন্য এটাই হয়তো খুব ভালো পরিসংখ্যান। কিন্তু তিনি যে মেসি! কারও চোখে প্লে-স্টেশনের ফুটবলার, কারও চোখে ভিনগ্রহের! কে জানে, পেনাল্টি নষ্ট করে মেসি হয়তো মাঝেমধ্যে
মনে করিয়ে দিতে চান তিনিও এ গ্রহেরই মানুষ। ‘মাঝেমধ্যে’টা এখন অবশ্য ‘নিয়মিত’ই হয়ে যাচ্ছে।
পেনাল্টি নষ্ট করে মেসি নিজেকে মানুষ বলে প্রমাণ করেন কি না, এই প্রশ্নটা ম্যাচ সংবাদ সম্মেলনে করা হয়েছিল বার্সেলোনা কোচ লুইস এনরিকেকেও। তাঁর জবাবটা শুনুন, ‘পেনাল্টি নষ্ট করলেই কিন্তু সে মানুষ হয়ে যাচ্ছে না। ওটা বাদ দিয়েও সে ম্যাচে দুটি গোল করেছে, একটি গোল করিয়েছে। আমার কাছে ওকে মোটেও মানুষ বলে মনে হয় না।’
এনরিকের সঙ্গে আরও অনেকেই যে একমত হবেন, তাতেও মনে হয় কোনো সংশয় নেই। এএফপি।
পেনাল্টি ও মেসি
* ক্লাব ও দেশের হয়ে ১৭টি পেনাল্টি নষ্ট করেছেন মেসি। এরই মধ্যে লা লিগায় ৬টি, কোপা ডেল রেতে ৫টি, চ্যাম্পিয়নস লিগে ৩টি, স্প্যানিশ সুপার কাপে ১টি ও আর্জেন্টিনার হয়ে ২টি।
* লা লিগায় গত ১০ মৌসুমে সবচেয়ে বেশি পেনাল্টি নষ্ট করেছেন মেসি ও আলভারো নেগ্রেদো (৬টি করে)।
* সর্বশেষ ১২টি পেনাল্টির ৬টিই নষ্ট করেছেন মেসি, এ বছর ৩টি পেনাল্টি নিয়ে গোল করেছেন মাত্র একটিতে।