শুধু ফার্গিই বন্ধু রোনালদোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

কর্দোবার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচটা খেলেছেন। তবে এখনো পুরো ফিট নন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুদিন আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া  সাক্ষাৎকারেও স্বীকার করেছেন, গত মৌসুমের শেষ দিকে পুরো ফিট না থাকার পরও শুধু খেলার তাড়না থেকেই রিয়াল এবং পর্তুগালের হয়ে খেলেছেন। সেই তাড়নাটা এখনো আছে। কিন্তু চোট নিয়ে বারবার খেলাটা রিয়াল মাদ্রিদ তারকার জন্য একটু বেশিই ঝুঁকি হয়ে যায়। দলের সেরা খেলোয়াড়টিকে নিয়ে সেই ঝুঁকি নিতে রাজি নন পাওলো বেন্তো। ৭ সেপ্টেম্বর আলবেনিয়ার বিপক্ষে ইউরোর বাছাইপর্বের ম্যাচটির জন্য তাই রোনালদোকে দলে রাখেননি পর্তুগাল কোচ।

একই কারণে আজ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাতেও খেলার সম্ভাবনা নেই রোনালদোর। পরশু অনুশীলনেও ছিলেন না সদ্য ইউরোপের বর্ষসেরা পুরস্কারজয়ী রিয়াল উইঙ্গারকে। কোচ আনচেলত্তি অনুশীলনে একাদশ সাজিয়েছিলেন ইসকোর দুই পাশে হামেস রদ্রিগেজ ও গ্যারেথ বেল এবং সামনে করিম বেনজেমাকে রেখে। সব মিলিয়ে জাতীয় দল এবং ক্লাব থেকে আপাতত দুই সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। ধারণা করা হচ্ছে, ১৩ সেপ্টেম্বর লা লিগায় অ্যাটলেটিকোর বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে আবারও মাঠে ফিরবেন।

মাঠ থেকে দূরে থাকছেন আগামী কয়েক দিন, কিন্তু আলোচনা থেকে দূরে থাকতে পারছেন কোথায়? ম্যানুয়েল নয়্যার, আরিয়েন রোবেনকে হারিয়ে ইউরোপের সেরা ফুটবলার হয়েছেন। এরই মধ্যে পর্তুগিজ টেলিভিশন টিভিআইয়ে গত সপ্তাহে দুই পর্বে প্রচারিত তাঁর দীর্ঘ সাক্ষাৎকারটি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে ফুটবল বিশ্বে। সাক্ষাৎকারের প্রথম পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি সম্পর্কে মজা করে অনেক কথা বলেছেন, উঠে এসেছে দুজনের দ্বৈরথ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিটাও। তাঁর দৃষ্টিতে মেসি-রোনালদো দ্বৈরথ নাকি ফর্মুলা ওয়ানের ফেরারি-মার্সিডিজ লড়াইয়ের মতো।

চমকপ্রদ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটাও। ফুটবল সম্পর্কের বাইরে তাঁর যে সহকর্মী কিংবা সতীর্থদের সঙ্গে খুব একটা সখ্য নেই প্রথমবারের মতো সরাসরি সেটা স্বীকার করেছেন রোনালদো। বলেছেন, ‘আমি যেসব কোচের সঙ্গে কাজ করেছি তাঁদের মধ্যে শুধু স্যার (অ্যালেক্স) ফার্গুসনের সঙ্গেই আমার বন্ধুত্ব আছে, অন্য কারও সঙ্গে নয়। আমি পেলেগ্রিনি, আনচেলত্তির অধীনে খেলেছি, যাঁদের সঙ্গেও আমার সম্পর্কটা খুবই ভালো, তবে সেটাকে বন্ধুত্ব বলা যাবে না। আমি তো বন্ধুত্ব করার জন্য ফুটবলে আসিনি, সাফল্য পেতে এসেছি।’

খেলেছেন তিনি স্বদেশি কোচ হোসে মরিনহোর অধীনেও। তবে ভালো সম্পর্কের প্রসঙ্গে তাঁর নামটা বলেননি। কেন, সেটা আন্দাজ করা যাবে রোনালদোর পরের কথাটা শুনলেই, ‘তাঁর (মরিনহো) সময়টা আমার এবং ক্লাবের জন্য খুবই কঠিন ছিল। সতীর্থদের মধ্যে, এমনকি সমর্থকদের সঙ্গেও সম্পর্কটা স্বাভাবিক ছিল না।’

সাক্ষাৎকারে নিজের ফিটনেসের গোপন রহস্যটাও ফাঁস করে দিয়েছেন রোনালদো, ‘আমি ভাজা খাবার খাই না। হ্যামবার্গার, ফাস্টফুড, গ্যাসযুক্ত পানীয়—এসবও না। প্রকৃতিগতভাবেই আমার স্বাস্থ্য ভালো, সুতরাং আমার যেটা ভালো লাগে আমি সেটাই খাই। আমি সব সময় এক ঘণ্টা আগে অনুশীলনে যাই, যাতে নিজের মতো করে জিম করতে পারি। আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, আমি সবার আগে অনুশীলনে যাই, সবার পরে বের হই।’ মার্কা, এএফপি।