শুধু বাংলাদেশের পাশেই লাল দাগ
সুখবরটা বাংলাদেশ পেয়েছিল এখনো দুই সপ্তাহও হয়নি। গত ২৬ নভেম্বর প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম হয়েছিল জেমি ডে-র দল। কিন্তু আজ আবার ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে আবার দুঃসংবাদ বাংলাদেশের জন্য। দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন আবার ১৮৬!
আজ প্রকাশিত র্যাঙ্কিংয়ে শুধু বাংলাদেশই দুঃসংবাদ পেয়েছে। র্যাঙ্কিংয়ে পতনসূচক লাল দাগটা এবার শুধু বাংলাদেশের নামের পাশেই পড়েছে। এবারের র্যাঙ্কিংয়ে ফিফার ২০৬টি দেশের মধ্যে অবস্থানের অদলবদল হয়েছেই শুধু পাঁচটি দেশের। এর মধ্যে বাংলাদেশ ছাড়া বাকি চার দলের নামের পাশেই পড়েছে সবুজ দাগ।
৪ ডিসেম্বর ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলের হারের কারণেই তো বাংলাদেশের এই পতন। বাংলাদেশকে হারিয়ে কাতারের এক ধাপ উন্নতি হয়েছে বটে। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটি আগে ফিফা র্যাঙ্কিংয়ে ছিল ৫৯তম, এখন বুরকিনা ফাসোর সঙ্গে যৌথভাবে ৫৮তম।
বাংলাদেশ পিছিয়ে যাওয়ায় লাভ হয়েছে জিবুতি ও ডমিনিকার। আগের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে থাকা দল দুটি এখন যৌথভাবে ১৮৪তম, দুই দলেরই পয়েন্ট সমান ৯১৯। নভেম্বরে সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়েও দুই দলের পয়েন্ট ৯১৯-ই ছিল!
এই চার দলের বাইরে অবস্থানের নড়চড় হয়েছে শুধু ইথিওপিয়ার। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ের পর আফ্রিকান দেশটি কোনো ম্যাচ খেলেনি ঠিকই। কিন্তু ফিফার র্যাঙ্কিংয়ে সর্বশেষ চার বছরের ফল হিসাবে নেওয়া হয় বলে সেখানে তাদের পয়েন্ট ২ বেড়েছে, র্যাঙ্কিং এক ধাপ এগিয়েছে। ১৪৭ থেকে এগিয়ে বৎসোয়ানার সঙ্গে যৌথভাবে ১৪৬ নম্বরে আছে ইথিওপিয়া। দুদলেরই র্যাঙ্কিং পয়েন্ট ১০৬৬।
ফিফার প্রথম ৫৮টি দেশের কোনোটির অবস্থানই এবার নড়চড় হয়নি। অর্থাৎ, এদেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনাদের বেলজিয়াম র্যাঙ্কিং শীর্ষে থেকেই অদ্ভুত এই বছরটা শেষ করছে, দুইয়ে থাকছে ফ্রান্স। নেইমারের ব্রাজিল আছে তিন নম্বরে। লিওনেল মেসির আর্জেন্টিনা সাত নম্বরেই থাকছে, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল থাকছে পাঁচ নম্বরে।
নভেম্বরে প্রকাশিত র্যাঙ্কিংয়ের মতোই ইংল্যান্ড আছে চার নম্বরে, স্পেন ছয়ে, উরুগুয়ে আট নম্বরে, নয়ে মেক্সিকো, দশ নম্বরে ইতালি। এর বাইরে জার্মানি ১৩তম, নেদারল্যান্ডস ১৪তম।
এশিয়ায় জাপান আগের মতোই সবার ওপরে থাকছে, তাদের অবস্থান ২৭তম। এরপর ইরান (২৯) ও দক্ষিণ কোরিয়া (৩৮)। দক্ষিণ এশিয়ায় সবার ওপরে থাকছে ভারতই, তাদের অবস্থান ১০৪তম। আফগানিস্তান ১৫০তম। বাংলাদেশের ওপরে আছে মালদ্বীপ (১৫৫) আর নেপালও (১৭১)। বাংলাদেশের চেয়ে পেছনে থাকছে শুধু ভুটান (১৮৯), পাকিস্তান (২০০) ও শ্রীলঙ্কা (২০৬)।
নভেম্বরের শুরুর দিকে মুজিব বর্ষ প্রীতি সিরিজে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলেছিল বাংলাদেশ, একটিতে জেতে ২-০ গোলে, দ্বিতীয়টি হয় গোলশূন্য ড্র। সিরিজে ১-০ ব্যবধানে জেতায় গত ২৬ নভেম্বর প্রকাশিত র্যাঙ্কিংয়ে এগিয়েছিল বাংলাদেশ।
কিন্তু এবার কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের হার আবার পেছনে টেনে ধরল জামাল-সাদদের।