শুধু মেসিই তাঁর ওপরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করছেন, করাচ্ছেন, খেলছেন মুগ্ধতা-জাগানিয়া ফুটবল। ডি ব্রুইন যেন উড়ে চলেছেন ডানামেলা পাখির মতো l রয়টার্স
গোল করছেন, করাচ্ছেন, খেলছেন মুগ্ধতা-জাগানিয়া ফুটবল। ডি ব্রুইন যেন উড়ে চলেছেন ডানামেলা পাখির মতো l রয়টার্স

কোচিং ক্যারিয়ারে তারকা খেলোয়াড় কম দেখেননি পেপ গার্দিওলা। বার্সেলোনায় লিওনেল মেসি ছিলেন, তাঁর পাশে মিডফিল্ডে ছন্দ বেঁধে দিতে জাভি-ইনিয়েস্তা। বায়ার্ন মিউনিখেও পেয়েছেন মুলার-রোবেন-লেভানডফস্কিদের। গার্দিওলা এখন ম্যানচেস্টার সিটিতে, তারার অভাব নেই এখানেও। তবে এর মধ্যে একজন ‘ধ্রুবতারা’ খুঁজে পেয়েছেন স্প্যানিশ কোচ—কেভিন ডি ব্রুইন। দৃষ্টিটা সিটির গণ্ডি ছাড়িয়ে পুরো কোচিং ক্যারিয়ারে নিয়েও বেলজিয়ান মিডফিল্ডারের চেয়ে ভালো শুধু আর একজনকেই পাচ্ছেন গার্দিওলা, অনুমিতভাবেই সেটি লিওনেল মেসি।
প্রিমিয়ার লিগে পরশু বোর্নমাউথের বিপক্ষে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন ডি ব্রুইন। ম্যাচের পর গার্দিওলা তো বেলজিয়ান মিডফিল্ডারকে প্রশংসায় ভাসিয়ে দিলেন, ‘মেসি হয়তো একেবারেই ভিন্ন ব্যাপার। সেটি এক পাশে রেখে বললে, কেভিনও ও রকম অবস্থানেই থাকবে। আমার চোখে ও বিশেষ একজন খেলোয়াড়, দুর্দান্ত! সবকিছুই করতে পারে, বল পায়ে না থাকলে সবার আগে এগিয়ে গিয়ে লড়াই করে, বল পায়ে থাকলে কী করবে সেটিও পরিষ্কার। মাঠের সবকিছুই যেন চোখের সামনে দেখতে পায়।’
মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত সিটির যা কিছু সুন্দর, তাতে প্রাণ দিয়েছেন এই বেলজিয়ান মিডফিল্ডারই। গত শনিবার ম্যানচেস্টার ডার্বিতে সিটির দুই গোলের একটি করেছেন, করিয়েছেন অন্যটি। বোর্নমাউথের বিপক্ষেও পরশু গোল করিয়েছেন দুটি, আর শিরোনাম হয়েছেন চাতুর্যপূর্ণ ফ্রি-কিকে গোল করে। ডি ব্রুইনের এই দ্রুত চিন্তা করার ক্ষমতাটাই গার্দিওলার মন কেড়েছে, ‘কখন কী করতে হবে, একেবারে ঠিক সময়ে ও সেই সিদ্ধান্ত নিতে পারে। এবং প্রতিবারই সঠিক সিদ্ধান্ত নেয়। এ কারণেই ও অন্য পর্যায়ের খেলোয়াড়। ওকে দলে পাওয়াটা আমার সৌভাগ্য।’ এএফপি।