শুধুই একটা জয়ের তৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল নিয়ে এগিয়ে যাচ্ছেন শাখাওয়াত রনি। সাফ চ্যাম্পিয়নশিপে কাল ভুটানের বিপক্ষে জোড়া গোল করে তিনিই বাংলাদেশের জয়ের নায়ক l সাফের অফিশিয়াল ওয়েবসাইট
বল নিয়ে এগিয়ে যাচ্ছেন শাখাওয়াত রনি। সাফ চ্যাম্পিয়নশিপে কাল ভুটানের বিপক্ষে জোড়া গোল করে তিনিই বাংলাদেশের জয়ের নায়ক l সাফের অফিশিয়াল ওয়েবসাইট

প্রদীপের তেল ফুরিয়ে যাওয়ার আগে বাতিটা শেষবারের মতো দপ করে জ্বলে ওঠে। বাংলাদেশ দলও একটু কি জ্বলে উঠল?
৩-০ স্কোরলাইনটা ‘হ্যাঁ’ উত্তরই দেবে। সাফের মঞ্চ ছেড়ে দেশের বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে অন্তত থলেয় একটা জয় উঠল। কাঁটার আঘাতে ভরা কেরালা সফর থেকে এটিই একমাত্র প্রাপ্তি। যার খোঁজ চলছিল ৬ বছর ২০ দিন ধরে। ২০০৯ ঢাকা সাফে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে পাওয়া ২-১ জয় এসেছিল। দীর্ঘ নয় ম্যাচ পর সাফের মঞ্চে জয়-খরার অবসান হলো।
‘সান্ত্বনার জয়’, ‘স্বস্তির জয়’ শব্দগুচ্ছ বসতেই পারে এ জয়ের পাশে। কিন্তু আফগানিস্তান আর মালদ্বীপ ম্যাচের বিপর্যয়কে কিছুতেই যে ভুলে থাকা যায় না। আক্ষেপের আগুন নিভছে না, সাফ অভিযানে গ্রুপ থেকেই ক্ষান্তি দেওয়ার দীর্ঘশ্বাসটা সবার মুখে মুখেই।
ফুটবলাররা অবশেষে কিছু করতে পারলেন, অন্তত এদিন তাঁদের জন্য সমালোচনা বরাদ্দ থাকা উচিত নয়। কিন্তু তা আর হচ্ছে কই! ৬৮ মিনিট ভুটান খেলল ১০ জন নিয়ে। এই লম্বা সময়ে ‘পুঁচকে’ দলটির জালে মাত্র একটি গোল! এটা ভুটানের দক্ষতা নাকি বাংলাদেশের সামর্থ্যের সীমাবদ্ধতা?
কোচ মারুফুল হকের জবাব, ‘মনোযোগের অভাব।’ কিন্তু ভাঙা রেকর্ড আর কত বাজবে! এ ম্যাচে অন্তত ছয়-সাতটা গোল হয়ই। ফাঁকায় গোটা তিনেক গোল হারালেন শাখাওয়াত রনি। হ্যাটট্রিক তো বটেই, পাঁচ-ছয়টি গোল থাকে তাঁর নামের পাশে। অথচ পেলেন মাত্র দুটি।
শাখাওয়াত বলতে পারেন, ‘এই তো আমার জন্য ঢের।’ আগের দুই ম্যাচে চামচে তুলে দেওয়া খাবার শিশুদের মতো ফেলে দেওয়ার দুঃস্বপ্নটা অন্তত ক্ষণিকের জন্য তাড়াতে পারলেন। ৮ মিনিটে মামুনুলের কর্নার থেকে ইয়াসিনের মাথা ঘুরে আসা বল বাতাসে রেখেই হেডে জালে পাঠালেন স্টপার তপু বর্মণ, একটু আগেই যিনি নষ্ট করেছেন সহজ সুযোগ।
তাতে কী, ২২ মিনিটেই ভুটানের যাবতীয় চেষ্টা শেষ। হেমন্তকে বক্সে ফেলে দিলেন প্রতিপক্ষ ডিফেন্ডার। পেনাল্টিতে শাখাওয়াত ভুল করেননি (১-০)। ফাউলটা জিগমে দর্জি করেছিলেন, কিন্তু রেফারিকে উত্তেজিতভাবে ধাক্কা মেরে লাল কার্ড পেলেন আরেক ডিফেন্ডার চিমি দর্জি। ম্যাচ ওখানেই হাতের মুঠোয়।
আগের দুই ম্যাচে হতবাক কোচ মারুফুল হক কাল ছকটা একটু বদলে জাহিদের জায়গায় ডান উইংয়ে আনেন শাখাওয়াত রনিকে। আগের দুই ম্যাচে সবার ওপরে থাকা রনির জায়গায় জীবন। বাঁ উইংয়ে হেমন্ত। ফর্মেশনটা ৪-৩-৩ থাকলেও আগের দুই ম্যাচে জাহিদ আর হেমন্ত যেমন ছিলেন উইং প্লে ফরোয়ার্ড, এদিন তিনজন ফরোয়ার্ড।
ছকটা বদলে হতবিহ্বল দল পেল নতুন দিশা। একতরফা দাপট নিয়ে আক্রমণে কোণঠাসাই করে ফেলা হলো ভুটানকে।
ভাগ্য একটু সুপ্রসন্নই, ভুটানের স্ট্রাইকার চেনচো পুরো ছন্দে ছিলেন না। তবু স্ট্রাইকার একাই প্রথমার্ধে গোটা চারেক শট নিলেন। দ্বিতীয়ার্ধেও ছিল কয়েকটি। নিশানায় রাখতে পারেনি বলে বেঁচে গেছে বাংলাদেশ। তবে মনে হলো না বাংলাদেশকে রুখে দেওয়ার সামর্থ্য রাখে এই ভুটান।
ক্ষুদ্র দেশটির বেশির ভাগই খেলোয়াড়ই স্কুল-কলেজের ছাত্র। পেশাদার ফুটবলের কোনো কাঠামো নেই ওখানে, ক্লাব থেকে খেলোয়াড়েরা টাকা পান না। মাসে দেড় শ ডলার হাতখরচ দেয় ফেডারেশন। যেটি আসলে ‘টিউশন ফি’। বাংলাদেশের শীর্ষ ফুটবলারদের বাৎসরিক চুক্তি এখন গড়ে ৪০ থেকে ৫০ লাখ। ৬০ পর্যন্তও পৌঁছে গেছে। আর ভুটানের খেলোয়াড়েরা জীবন চালাতে এদিক-সেদিক খণ্ডকালীন চাকরি করেন।
এমন দলের সঙ্গে গোল বাড়ানোর সুযোগ নিতে পারল না বাংলাদেশ, উল্টো দলের মধ্যে বিভেদরেখাটা স্পষ্টই বেরিয়ে পড়েছে। উত্তেজিত হয়ে ৬৪ মিনিটে মাঠেই জামাল ভূঁইয়াকে গোটা চারেক ঘুষি মেরে বসেন ডিফেন্ডার ইয়াসিন! যা দেখে হতভম্ব হওয়া ছাড়া কোনো উপায় নেই। তবে মিনিট দুয়েক পরই থ্রু ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ছিটকে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে প্লেসিং করে শাখাওয়াত রনি জানালেন, ‘আমি গোল করতে পারি।’
জাহিদ, সোহেল রানা, জুয়েল রানাকে নামালেও গোল বাড়েনি। ভুটানের গোলরক্ষক হারি গুরং দলকে বাঁচিয়েছেন কয়েকবার। কিন্তু অধিনায়ক হিসেবে মামুনুল আর কোচ হিসেবে মারুফুলের ‘শেষ ম্যাচে’ আটকাতে পারেনি বাংলাদেশকে। জয়টা এল বটে। তবে বাংলাদেশ দলের কিছু সদস্য গত ভোররাতে কেরালা ছাড়ার যেন আগে নীরবে বলে গেলেন, ‘বিদায় সাফ। এই মণিহার আমায় নাহি সাজে!’