সকালে অনুশীলন শেষে কিছু সময় বিশ্রাম। বিকেল পাঁচটায় আবার ছুটতে হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বাফুফে ভবনের আবাসিক ক্যাম্পে সবার মধ্যেই তাড়া। সে তো সব আন্তর্জাতিক ম্যাচের আগেই থাকে। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৮ ডিসেম্বরের প্রীতি ম্যাচটা যে অন্য রকম। এটি নিয়ে খেলোয়াড়দের মনের মধ্যে উত্তেজনা, কৌতূহল। একই সঙ্গে একটু কি শঙ্কাও নেই?
শঙ্কাটা এই কারণে যে, জাপান অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে বাজেভাবে হারলে একটু দৃষ্টিকটু লাগতেই পারে! যদিও জাপানে যুব দলও বাংলাদেশ জাতীয় দলের চেয়ে শক্তিশালীই হওয়ার কথা। জাপান বিশ্বকাপে খেলে, এশিয়ার ২ নম্বর র্যাঙ্কিংধারী এখন তারা। সে দিক থেকে হারটাকে হয়তো অস্বাভাবিক ভাবার কারণ থাকবে না। তবে যুব দলের সঙ্গে জাতীয় দলের লড়াই বলে মর্যাদার একটা ব্যাপার থাকেই। হোক না তা বাংলাদেশ জাতীয় দল!
বাংলাদেশ কোচ সাইফুল বারী ড্রটাকে সম্মানজনক ফল বলছেন। বাংলাদেশ দল পারবে কি না, তা পরের ব্যাপার। মাঠে যাঁরা খেলবেন, সেই ফুটবলাররা কিন্তু স্কোরলাইন নিয়ে অত কিছু ভাবছেন না। তাঁদের মধ্যে দোল খাচ্ছে জাপানের মতো দেশের কাগজ-কলমে তৃতীয় সেরা দলের সঙ্গে খেলার উদ্দীপনা।
কদিন আগেই মাঠে যাঁর নেতৃত্বে ভুটানের কিংস কাপ জিতে এসেছে শেখ জামাল ধানমন্ডি, সেই ডিফেন্ডার নাসির উদ্দিন বলছেন, ‘ম্যাচের ফল নিয়ে আমি অতটা চিন্তিত নই। এই ম্যাচে আমরা বুঝতে পারব নিজেদের আসল শক্তি। দলের কোথায় উন্নতি করা দরকার, কোনটা আমাদের শক্তির দিক, সবই বেরিয়ে আসবে এ ম্যাচে।’
খেলোয়াড়দের কয়েকজনের সঙ্গে কথা বলে মোটামুটি অভিন্ন কয়েকটি বাক্যই পাওয়া গেল। মিডফিল্ডার সোহেল রানার কাছে এটি যেমন ‘নিজেদের চেনার ম্যাচ’। বাংলাদেশ দল কি তাহলে নিজেদের চেনে না? চেনে অবশ্যই। তবে শক্তিশালী দলের সঙ্গে খেললে আলাদা করে ভালো-মন্দ বোঝা যায় এটাই বোঝালেন এই তরুণ।
ডিফেন্ডার ইয়ামিন মুন্নার চোখে, জাপান ম্যাচে অনেক কিছু শিখতে পারবেন তাঁরা। সিলেটের তরুণ ম্যাচটা নিয়ে প্রথম বাক্যটাই বললেন এভাবে, ‘জাপানের যুব দল হলেও ওরা অনেক জানে-বোঝে। মাঠেও ভালো খেলে। এ সুযোগে আমরাও জাপানের কাছ থেকে শিখতে পারব।’ যদিও অনূর্ধ্ব-২১ বলে এই জাপানের তরুণ দলটি অভিজ্ঞ নয়। তার পরও জাপান বলে কথা! বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে তা বাড়তি জ্বালানি হিসেবে কাজ করবে বলে মনে করেন ইয়ামিন।
সেটি যে আগামী মাসে ঘরের মাঠে বঙ্গবন্ধু কাপে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে রাখবে মানসিকভাবে, এ ব্যাপারে সংশয় নেই স্ট্রাইকার মিঠুন চৌধুরীর, ‘জাপান ম্যাচটা বঙ্গবন্ধু কাপের ভালো একটা প্রস্তুতি হয়েই এসেছে।’ যেভাবেই দেখুন, একটু ভয় কাজ করছে কি? মিঠুন এবার বললেন, ‘ভয়ের কিছু নেই। নিজের মাঠে খেলব, দর্শক সমর্থন পাব। উজ্জীবিত হয়ে খেলতে এটাই সবচেয়ে বড় ব্যাপার।’
ফরোয়ার্ড শাখাওয়াত রনির কণ্ঠেও একই সুর। সঙ্গে সংযোজন, ‘ফাইট করতে হবে আমাদের। হারের আগে হেরে গেলে চলবে না। মাঠে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব।’ এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক কিছু পাওয়ার সুযোগই আছে, বলছেন ফুটবল বিশ্লেষকেরা। তার মধ্যে অভিজ্ঞতাকেই এগিয়ে রাখছেন ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিক।
জাপান অনূর্ধ্ব-২১ দলটাকে তৈরি করা হচ্ছে আগামী বিশ্বকাপ সামনে রেখে। তারই অংশ হিসেবে ১৪ ডিসেম্বর দলটি ব্যাংককে থাইল্যান্ডের অনূর্ধ্ব–২১ দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে। সেখান থেকেই তারা ১৬ ডিসেম্বর ঢাকা আসবে। এ দলের বেশ কয়েকজন জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন, সবাই খেলেন জে লিগে।
দলটির বড় বিশেষত্ব, জাপানের খেলোয়াড়েরা খুব একটা লম্বা না হলেও এই দলে ছয় ফুটের বেশি লম্বা খেলোয়াড় আছেন বেশ কয়েকজন। গোলরক্ষক ছয় ফুট চার ইঞ্চি, একজন স্ট্রাইকার ছয় ফুট দুই। দুই সেন্টার ব্যাকও ছয় ফুটের বেশি।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতার প্রি-কোয়ালিফাইং ম্যাচ না থাকায় জাপান জাতীয় দলের সঙ্গে খেলার সুযোগ আসছে না, যেটা একসময় আসত। এবারেরটি প্রীতি ম্যাচ। তবে অনূর্ধ্ব-২১ বনাম জাতীয় দল, মুখে না বললেও বাংলাদেশের জন্য এটি কিন্তু মর্যাদার ম্যাচও!