শুধুই প্রীতি ম্যাচ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি ফুটবল খেলার আগে বাফুফে ভবনে ক্যামেরাবন্দী দুই অধিনায়ক—বাংলাদেশের মামুনুল ইসলাম (বাঁয়ে) এবং সিঙ্গাপুরের শাহরিল ইসহাক l প্রথম আলো
প্রীতি ফুটবল খেলার আগে বাফুফে ভবনে ক্যামেরাবন্দী দুই অধিনায়ক—বাংলাদেশের মামুনুল ইসলাম (বাঁয়ে) এবং সিঙ্গাপুরের শাহরিল ইসহাক l প্রথম আলো

মামুনুল ইসলামের কণ্ঠে সতর্কতায় মোড়া প্রত্যয়, ‘ঘরের মাঠে খেলা। জয়ের ভাবনা তো অবশ্যই আছে আমাদের।’ শাহরিল ইসহাকের আশাবাদ,‘ ম্যাচের ফল আমাদের পক্ষেই আসবে মনে করি।’
বাংলাদেশ-সিঙ্গাপুর প্রীতি ম্যাচের আগে দুদলের অধিনায়কই ‘প্রীতি’ শব্দটাকে যেন মুছে ফেলতে চাইলেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল চারটায় শুরু ম্যাচে কি তাহলে প্রতিদ্বন্দ্বিতার বারুদই উড়বে? দুই দলের সংবাদ সম্মেলনে তেমন আভাসই মিলল। হোক প্রীতি ম্যাচ, কিন্তু এটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ এবং কদিন পরই শুরু দুই দলের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির অংশও বটে।
১১ জুন কিরগিজস্তান ও ১৭ জুন তাজিকিস্তানের সঙ্গে কঠিন পরীক্ষা বাংলাদেশের। সিঙ্গাপুরের প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ কম্বোডিয়া। পরের ম্যাচটা কঠিন, জাপানের মতো প্রতিপক্ষের সঙ্গে।
সেই লড়াইয়ে নামার আগে দুদলই নিজেদের ‘দেখে’ নেবে আজ। ফিফা র্যাঙ্কিংয়ে দুদলই কাছাকাছি। সিঙ্গাপুর ১৬২, বাংলাদেশ ১৬৯। তবে খেলার মান, ধরন ব্যক্তিগত নৈপুণ্য—সবদিক থেকেই সিঙ্গাপুর এগিয়ে। উপরন্তু কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা নয়। গত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে খেলে যাওয়া সিঙ্গাপুর যুবদলের কেউই নেই এই দলে। এটি পুরো শক্তির জাতীয় দলই।
এই সিঙ্গাপুরকে হারানো বাংলাদেশের পক্ষে অসম্ভব বলছে না অতীত। ১৯৭৩ মারদেকা কাপে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম জাতীয় দল ড্র করেছিল সিঙ্গাপুরের সঙ্গে (১-১)। ওই বছরই সিঙ্গাপুরের মাটিতে দুদলের প্রীতি ম্যাচে বাংলাদেশ জেতে নওশেরুজ্জামানের একমাত্র গোলে। স্মৃতিটা মনে করে নওশের কাল বলছিলেন, ‘বিদেশের মাটিতে ওটাই আমাদের প্রথম জয়। তবে সিঙ্গাপুরের জাতীয় দল হলেও ম্যাচটা তারা খেলে প্রেসিডেন্ট একাদশ নামে।’
সেই সিঙ্গাপুরের ক্লাব ফুটবল এখন বেশ শক্তিশালী। তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। গত সপ্তাহান্তে মালয়েশিয়ার এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছে সিঙ্গাপুরের শীর্ষ ক্লাব লায়ন এক্স-১২, ওই দলের ১১ জন আছেন এই দলে। তাই মাত্র দুটি অনুশীলন সেশন করে ঢাকায় এলেও দলটির জার্মান কোচ বার্নড স্টেনজ বেশ আশাবাদী। দুবছর ধরে আছেন, দলটা সম্পর্কে তাঁর ভালোই ধারণা। বাংলাদেশকে হালকা চালে নিতে রাজি নন, ‘বাংলাদেশকে সম্মান করি।’ উপভোগ্য ম্যাচের প্রতিশ্রুতিও দিলেন ৬৭ বছর বয়সী কোচ, ‘ম্যাচটা আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হতে পারে এবং আমরা আক্রমণাত্মক ফুটবলই খেলব।’
সিঙ্গাপুরের অধিনায়ক শাহরিল ইসহাক পাশে বসে মাথা নাড়লেন, ‘কোচের সব কথাই আমার কথা।’ ২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর ২০১০ সালে পান অধিনায়কত্ব। আজকের ম্যাচটি তাঁর ক্যারিয়ারে ১২১তম আন্তর্জাতিক ম্যাচ। মালয়েশিয়ান লিগে খেলেন এই মিডফিল্ডার। দলের আরও তিনজন খেলোয়াড় মালয়েশিয়া ও থাইল্যান্ড লিগে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ।
কাজটা তাই সহজ হবে না বাংলাদেশের জন্য। গুয়াম ও থাইল্যান্ডের সঙ্গে সিঙ্গাপুরের দুটি ম্যাচে ভিডিও দেখে বাংলাদেশ নিজেদের রণকৌশল ঠিক করছে। সিঙ্গাপুর কখনো ৪-৪-২, কখনো ৪-৩-৩ ছকে খেলে। বাংলাদেশও আক্রমণাত্মকই খেলতে চাইবে জানালেন কোচ সাইফুল বারী, হঠাৎ অসুস্থবোধ করায় প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফের বদলে কাল সংবাদ সম্মেলনে এলেন তিনিই। সাইফুলের কথায় অবশ্য প্রথমে তেমন উত্তাপ ছিল না, ‘বিশ্বকাপ ও এশিয়ান কাপের দুটি ম্যাচে কীভাবে খেলব আমরা, তার একটা রূপরেখা ঠিক হবে এই ম্যাচে।’ পরে অবশ্য ব্যক্ত করলেন জয়ের আকাঙ্ক্ষা, ‘অবশ্যই জেতার জন্য নামব।’
২৩ জনের ঘোষিত স্কোয়াডে নেই চোটগ্রস্ত উইঙ্গার জাহিদ। জার্মানি প্রবাসী রিয়াসাত ইসলামকে রেখেছেন কোচ। সর্বশেষ জাতীয় দলের পঁচাশি ভাগ খেলোয়াড়ই একাদশে থাকছেন। প্রায় পাঁচ বছর পর নিশ্চিতই দলে ফিরছেন স্ট্রাইকার এনামুল। সিঙ্গাপুরকে হারাতে পারবেন? এনামুলের জবাব, ‘চেষ্টা তো অবশ্যই করব।’
চেষ্টা থেকেই তো ভালো কিছু হয়। দেখা যাক।