এই ম্যাচটার গা থেকে উত্তাপ শব্দটা খসে পড়েছে অনেক আগেই। মর্যাদার পোশাক এখনো গায়ে জড়িয়ে থাকলেও তা আসলে কাগজে-কলমে। বাস্তবে আবাহনী-মোহামেডান লড়াই এখন আর দশটা ম্যাচের মতোই। সেটি যদি হয় এই সময়ে কোনো লিগ লড়াই, তাহলে মূল ভাবনায় থাকে ৩ পয়েন্টই।
সত্তর, আশি, নব্বইয়ের সেই ধুন্ধুমার আবাহনী-মোহামেডান দ্বৈরথ অবশ্য শুধুই পয়েন্টের সমীকরণে আটকে থাকত না। হার না-মানা মানসিকতায় দুই শিবির তেতে থাকত। কিন্তু আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ মৌসুমের দুই দলের প্রথম লড়াইয়ে ৩ পয়েন্টের আকাঙ্ক্ষা ছাড়া আর কোনো তাপ-উত্তাপ নেই।
মোহামেডান কোচ জোসিমউদ্দিন জোসির কথায়ও কোনো ঝাঁজ মিলল না, ‘লিগের খেলা যেহেতু, ৩ পয়েন্ট চাই। এটাই প্রথম ও শেষ কথা।’ নিজে একসময় অনেক আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেছেন বলে নিরুত্তাপ এই সময়েও পুরোনো দিনগুলো একটু আন্দোলিত করতে পারে জোসিকে। কিন্তু এখন নাকি একদমই তা করে না! রাখঢাক না করেই বলে দেন, ‘সাম্প্রতিক সময়ে এই ম্যাচ ঘিরে অন্তত মুখে শিহরণের কথা বললেও এখন সেটাও আর বলতে রাজি নই। ফাঁকা গ্যালারি সব উত্তাপে পানি ঢেলে দিয়েছে।’ লিগের ছয় ম্যাচে পাঁচ ড্র আর এক হার মোহামেডানের, আবাহনীকে হারিয়ে আজই প্রথম জয়টা ঘরে তোলার বাইরে আর কিছু ভাবছেন না জোসি।
ছয় ম্যাচে তিন জয় তিন ড্রয়ে মোহামেডানের চেয়ে অনেক ভালো অবস্থায় আবাহনী। তবে আরও ভালো জায়গায় যেতে মোহামেডান ম্যাচটাকে ‘৩ পয়েন্টের’ ম্যাচ বলছেন আবাহনী কোচ জর্জ কোটানও, ‘শিরোপা লড়াইয়ে থাকতে আমাদের সব ম্যাচ জিততে হবে। মোহামেডান-আবাহনী ম্যাচ বলে আলাদা কিছু নেই।’
২০০৭ সালের ‘পেশাদার যুগে’ প্রবেশের পর এটি দুই দলের ১৮তম সাক্ষাৎ। আগের ১৭ ম্যাচে আবাহনীর ৫ জয়, মোহামেডানের ৪, ড্র ৮। আজ এই পরিসংখ্যানে আরেকটা দাগ বসবে। মাঠের খেলায় দর্শকমনেও যদি দাগ পড়ে, তাহলেই মর্যাদা থাকে ‘আবাহনী-মোহামেডান’ নামের।