শুরু হচ্ছে লা লিগার রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগা
লা লিগা

রাত জেগে চায়ের কাপে চুমুক দেওয়ার সময় আবার এল বলে। ঢুলুঢুলু চোখে মেসি-রোনালদোদের সম্মোহনী ফুটবল দেখার অপেক্ষাও শেষ। আজই শুরু হয়ে যাচ্ছে লা লিগার নতুন মৌসুম। আসল রোমাঞ্চ অবশ্য শুরু হবে আগামী পরশু থেকে, ওই দিনই যে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ!
তবে টিভি পর্দায় চোখ রেখে অনেকের মনেই ‘কী যেন নেই, কী যেন নেই’ অনুভূতির অনুরণন হতে পারে। একটু ভাবলেই মনে পড়ে যাবে, রিয়াল মাদ্রিদের গোলপোস্টের নিচে এবার নেই ইকার ক্যাসিয়াস। রিয়ালের সমার্থক হয়ে যাওয়া ক্যাসিয়াস যে এই মৌসুমেই পাড়ি জমিয়েছেন পর্তুগালের পোর্তোয়! অনেকেরই আবার মনে পড়ে যেতে পারে, আরে, জাভিও তো নেই! বার্সেলোনার সঙ্গে সম্পর্কটা চুকিয়ে এ মৌসুমেই কাতারের ক্লাব আল সাদে যোগ দিয়েছেন স্পেনের মধ্যমাঠের সেনাপতি। লা লিগার প্রতীকে পরিণত হয়ে যাওয়া দুই খেলোয়াড়কে ছাড়া রিয়াল-বার্সাকে তো একটু অন্য রকমই লাগবে।
পেশাদার জগতে অবশ্য ভাবাবেগের জায়গা নেই। নতুন দায়িত্ব নিয়ে রাফায়েল বেনিতেজ তাই এসব ভুলে রিয়ালের শিরোপাখরা কাটানোর চেষ্টাই করবেন। আর লুইস এনরিকে অন্য সবকিছু একপাশে সরিয়ে রেখে নিশ্চয়ই শিরোপা ধরে রাখার চিন্তায় বুঁদ? গত পাঁচ বছরের ধারাটা অবশ্য এনরিকের কপালে ভাঁজ জমাতে পারে। এই সময়ে বার্সেলোনা তিনবার লা লিগা জিতে একবারও শিরোপা ধরে রাখতে পারেনি। ইতিহাস কি তাহলে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে?
গত দুই সপ্তাহের ছবিতেও সে রকমই আভাস। উয়েফা সুপার কাপে সেভিয়ার সঙ্গে হ্যাঁচড়ে-প্যাঁচড়ে জিতলেও স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে দুই লেগ মিলে ৫-১ গোলে হারটা তাদের একটা বিপর্যয়ই। গত মৌসুমে ২৩টি ম্যাচে যে দলের জালে একবারও বল ঢোকেনি, তারাই পরপর দুই ম্যাচে খেয়েছে ৮ গোল।
এনরিকের অবশ্য এক দিক দিয়ে হাত-পা বাঁধা। দলবদলের বাজারে বার্সার গায়ে যে একরকম দর্শক তকমাই সেঁটে থাকল! এই মৌসুমে মিডফিল্ডার আরদা তুরান ও ডিফেন্ডার অ্যালেক্স ভিদালকে কিনেও নিষেধাজ্ঞার কারণে আগামী জানুয়ারির আগে তাঁদের খেলানো যাবে না। দীর্ঘদিনের অভিজ্ঞ পেদ্রোও চলে গেছেন চেলসিতে। মেসি-নেইমার-সুয়ারেজ গত মৌসুমে রেকর্ডভাঙা ১২২ গোল করেছিলেন, কিন্তু এই তিনজনের বাইরে নির্ভর করার মতো বিকল্প কই?
বেনিতেজের মাথায়ও এক পাহাড়সমান ভাবনা ঘুরপাক খাচ্ছে। কার্লো আনচেলত্তির জায়গায় এসে রিয়ালকে সাফল্য এনে দিতে পারবেন তো? আভাস দিয়েছেন, নতুন মৌসুমে গ্যারেথ বেলকে ১০ নম্বর ও ক্রিস্টিয়ানো রোনালদোকে স্ট্রাইকার হিসেবে খেলানোর। কিন্তু এই জুয়াটা কি ফল দেবে?
রিয়াল-বার্সাকে নিয়েই কথা বেশি হচ্ছে, কিন্তু অ্যাটলেটিকোকে সমীকরণ থেকে বাদ দেওয়াটা বোকামি হবে। বেনিতেজ নিজেই বলে দিয়েছেন, ‘স্পেনে বার্সেলোনাই শুধু প্রতিপক্ষ নয়। অ্যাটলেটিকো, ভ্যালেন্সিয়া ও সেভিয়াও ভালোই খেলছে। তবে এটা সত্যি, বার্সেলোনা চ্যাম্পিয়ন। সবার চোখ ওদের ওপরই।’
মৌসুম শুরুর আগেই রোমাঞ্চের সুবাস পাওয়া যাচ্ছে! তথ্যসূত্র: রয়টার্স।