কর্নার আটকাতে প্রাণপণ চেষ্টা করলেন মাহফুজ হাসান। কিন্তু রহমতগঞ্জের আনকোরা তৃতীয় গোলরক্ষক বলটা আটকাতে পারেননি। বরং পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদামাঠে বল যেভাবে তাঁর হাত ফসকে শাখাওয়াত রনির পায়ে গেল, তা দেখে খটকা লাগবেই। শেখ রাসেলের স্ট্রাইকার অমন উপহার পেয়ে দুই পা এগিয়ে ফাঁকা পোস্টে বল ঠেলতে ভুল করেননি।
কিন্তু দৃশ্যটা বড় এক প্রশ্ন তুলে দিল, আবার কি পাতানো খেলা শুরু হলো! প্রশ্নটা রহমতগঞ্জকে ঘিরে। পুরান ঢাকার এই দলটির বিরুদ্ধে পাঁচ বছর আগে শেখ জামালকে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগের প্রমাণ পায় বাফুফে। তাদের ২০ লাখ টাকা জরিমানা হয়েছিল তখন।
সেই রহমতগঞ্জ এবার দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে প্রিমিয়ার লিগের প্রথম ১০ ম্যাচে। ৬ জয়, ৪ ড্র নিয়ে যৌথভাবে শীর্ষে ছিল দলটি। রাতারাতি তারকা বনে যাওয়া কোচ কামাল বাবু বলতে শুরু করেন, লেস্টার সিটি হওয়ার স্বপ্ন দেখছে তাঁর দল!
কিন্তু কয়েক দিনের মধ্যেই সব ভোজবাজির মতো পাল্টে গেল। রহমতগঞ্জ আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ে পয়েন্ট তালিকার চারে। এই পতন শেষ তিন ম্যাচেই হারের ফল। ঢাকা আবাহনী ২-০, মোহামেডান ২-১, পরশু শেখ রাসেলের কাছে ২-০। শেষ দুটি হার নিয়ে ফুটবলাঙ্গনে নানা আলোচনা। রহমতগঞ্জ সমর্থকেরাই প্রশ্ন করছেন কর্মকর্তাদের, ‘টিম এমন খেলতাছে কেন? কত টাকা খাইছেন?’
রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ টাকা খাওয়ার প্রশ্নটা উড়িয়ে দিলেন, ‘না না ভাই, ওসব কিছু নয়। আমরা আসলে জিততে পারছি না, ব্যাড লাক। খেলা দেখে অবশ্য রহমতগঞ্জের ‘ব্যাড লাক’ মনে হয়নি। জয়বুভুক্ষু মোহামেডান ও শেখ রাসেলের কাছে তাদের হার বরং প্রশ্ন তুলছে! অনেকে সমীকরণ মেলান এভাবে, ‘দ্বিতীয় পর্বে রহমতগঞ্জের গতিটা আর থাকবে না এটা আগেই বোঝা গিয়েছিল।’
পরশু শেখ রাসেলের কাছে দলটির হার দেখে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন অনেকে। শেখ রাসেলের বিপক্ষে তৃতীয় গোলরক্ষককে নাঠে নামা হলো কেন, আছে এমন প্রশ্নও? কোচ কামাল বাবু যদিও বলছেন, ‘প্রথম গোলকিপারের জ্বর ছিল। দ্বিতীয়জন আনফিট।’ তবে রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদের ভাষ্যটা ভিন্ন, ‘প্রথম গোলকিপারের জ্বর। দ্বিতীয় গোলকিপারকে খেলানো যায়নি, কারণ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গেছে সে।’ সেই সুযোগে মাঠে নেমে তৃতীয় গোলরক্ষক দুটি হাস্যকর গোল খেলেন। প্রথম গোলটা হয়েছে তাঁর পায়ের ফাঁক গলে, দ্বিতীয়টি হাত ফসকে!
এসব দেখে স্বাভাবিকভাবেই রহমতগঞ্জ কোচ-কর্মকর্তারা একটু চুপসে গেছেন, তবে তাঁরা বলছেন, দলীয়ভাবে ম্যাচ পাতানো হয়নি। তবে খেলোয়াড়েরা টাকা খেয়ে ম্যাচ ছাড়েননি, এমন দাবিতে অটল থাকতে পারেননি কোচই। মোহামেডানের বিপক্ষে দ্বিতীয় গোলটি কি ডিফেন্ডার এলিটা বেঞ্জামিন ইচ্ছা করে খাওয়ালেন?
খোদ কামাল বাবুর মনেই এই সন্দেহ, ‘এলিটা বেঞ্জামিন খেলার জন্য জায়গা করে দিয়েছে মোহামেডানের ইসমাইল বাঙ্গুরাকে। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে, সে কিছু একটা করে থাকতে পারে।’
এলিটাকে পরে শোকজ করে ক্লাব। এবং ক্লাবের সাধারণ সম্পাদকের ভাষ্য, ‘এলিটা শোকজের জবাবে বলেছে, তার দুটি হলুদ কার্ড ছিল, তৃতীয়টি যাতে না দেখে এ জন্য সতর্ক হয়ে খেলেছে।’ যুক্তিটা যে যেভাবেই নিন, ঢাকায় আফ্রিকান ফুটবলারদের অনেকেই টাকা খেয়ে ম্যাচ ছাড়ে, এটা প্রায় সবার মুখে মুখে ঘোরে।
এসব দেখেও নিশ্চুপ বাফুফে নিজ উদ্যোগে কিছু করবে বলে মনে হয় না। তবে ‘লোকমুখে শুনে’ কয়েকটি সন্দেহজনক ম্যাচের ভিডিও পাতানো খেলা-সংক্রান্ত কমিটির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বাফুফে-সংশ্লিষ্ট একজন।