শুরু হলো 'কোচ' জেরার্ডের
পরনে কালো ট্র্যাক স্যুট। মাঠের পাশে দাঁড়িয়ে লিভারপুলের একাডেমির খেলোয়াড়দের অনুশীলন দেখছেন। এগিয়ে এসে কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন। এসবের মধ্যেই গতকাল কোচিংয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো স্টিভেন জেরার্ডের।
গত মাসেই নিশ্চিত হয়, একাডেমিতে কোচ হিসেবে যোগ দিচ্ছেন লিভারপুলের কিংবদন্তি অধিনায়ক। তাঁর দায়িত্ব মূলত হবে খেলোয়াড়দের পেশাদার হয়ে উঠতে সাহায্য করা, আর আগামীর জেরার্ডদের খুঁজে বের করা। তবে এর পাশাপাশি নিজের কোচিংয়ের পড়ালেখা, আর যুক্তরাজ্যের টিভি বিটি স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবেও কাজ করে যাবেন জেরার্ড।
বিটি স্পোর্টসে পণ্ডিত হিসেবে ছিলেন পরশু লিভারপুল-চেলসি ম্যাচেও। যা দেখে নিজের দলের গোলকিপার সিমোন মিনিওলেতেরও সমালোচনা করেছেন জেরার্ড। ডেভিড লুইজের ফ্রি-কিকের সময় বেলজিয়ান গোলকিপারের ভুলেই গোল খেয়েছে লিভারপুল, সেদিকে ইঙ্গিত করে ৩৬ বছর বয়সী সাবেক ইংলিশ মিডফিল্ডার বলেছেন, ‘ম্যাচের পর সিমোন মিনিওলেত নিশ্চিতভাবেই নিজের দোষ বুঝে হাত ওপরে তুলে রাখবে। কারণ যখন বাঁশি বাজল, সবাই শুনেছে। কিন্তু সিমোন ঠিক জায়গায় ছিল না।’
পণ্ডিত হলেও অবশ্য লিভারপুলের প্রতি আবেগ-ভালোবাসাটা এতটুকু লুকাতে পারেননি জেরার্ড। না হলে জর্জিনিও ভাইনালডামের গোলে লিভারপুল ম্যাচে সমতা ফেরানোর সময় ওভাবে নিজের আসন ছেড়ে উঠে উল্লাস করবেন কেন! গোলডটকম।