শুরুতে হেরেও চ্যাম্পিয়ন হওয়ার অতীতই যখন প্রেরণা

আফগানিস্তানের কাছে চার গোলে বিধ্বস্ত হয়েও হাল ছেড়ে নীরব বসে থাকার পাত্র মারুফুল হক নন। মালদ্বীপ ও ভুটানকে হারালে সাফের সেমিফাইনালে ওঠার রাস্তাটা খোলা থাকবে। সেই খোলা রাস্তাতেই নিজেদের দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের কোচ।
তাঁর সঙ্গে আশার পৃথিবীতে বসবাস মানুমুলদেরও। কোচ, খেলোয়াড়দের কণ্ঠে তাই একই সুর—সুযোগ তো এখনো আছে। আগেই বিদায় নেওয়ার দুশ্চিন্তায় কাতর না-হওয়াই ভালো। সবাই যেন গাইছেন, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে...।
কিন্তু আফগানিস্তানের সঙ্গে যেমন খেলেছে বাংলাদেশ, তাতে কতটা কাজ হবে কে জানে! অতি আশাবাদী মানুষও বাংলাদেশের পক্ষে বাজি ধরতে এখন দ্বিধায় ভুগবেন। মারুফুল হকের কণ্ঠে এখনো আশার বাণী, ‘আশা ছাড়লে আসলে আর কিছু থাকে না।’ তবে মারুফুল ফুটবলের সেই আপ্তবাক্যটা মনে করিয়ে দিলেন, কোচ আর যা-ই হোক, মাঠে নেমে খেলেন না, ‘আমি তো শুধু পরিকল্পনা করতে পারি। মাঠে তো খেলে দিতে পারব না। সেই সুযোগ আমার নেই।’
সব হতাশা লুকিয়ে মারুফুল চোখ রাখতে চান তাঁর আপাত গন্তব্য সেমিফাইনালে, ‘কোচ হিসেবে আমার কাজ দলকে উজ্জীবিত রাখা। সেটাই করছি। একটা ম্যাচ হেরেছি তো কী হয়েছে, আমাদের টুর্নামেন্ট কিন্তু শেষ নয়।’
কিন্তু আশা আর সামর্থ্যের মেলবন্ধন তো চাই। বাংলাদেশ দলের সামর্থ্যেই তো ঘাটতি প্রচণ্ড। তার ওপর অধিনায়ক মামুনুল ইসলাম দলের মধ্যে জয়ের তৃষ্ণা কম দেখছেন! হোটেল লবিতে দাঁড়িয়ে মামুনুল বললেন, ‘সিনিয়রদের চেয়ে নবীনদের ক্ষুধাটা বেশিই থাকা উচিত। কিন্তু কঠিন হলেও সত্যটা বলি, আমাদের জয়ের ক্ষুধা অনেক কমে গেছে।’
মামুনুল নিজেও ভালো খেলতে পারেনি। আফগান ম্যাচে নিজের ছায়া হয়েই রইলেন। সেই দায়ও নিলেন, ‘কারও ওপর দোষ দিয়ে লাভ নেই। আসলে আমরা পারিনি, এটাই শেষ কথা।’ তবে সব ভুলে সামনেও তাকাতে চান, ‘মালদ্বীপের সঙ্গে দেখা যাক ভালো কিছু করতে পারি কি না।’
আশা দেখছেন এই ভেবে, মালদ্বীপ তো আফগানিস্তান নয়। আফগানদের খেলার মান, জয়ের তাড়না, শারীরিক সামর্থ্য, দলীয় সমন্বয় সবই মালদ্বীপের চেয়ে ওপরে স্তরের। ঢাকায় গত জুনে বাংলাদেশের সঙ্গে ১-১ ড্র করা আফগানিস্তানের সেই দলটির সঙ্গে এখন নতুন কিছু খেলোয়াড় যোগ হওয়ায় শক্তি বেড়েছে দ্বিগুণ। আক্রমণে গোটা তিনেক নতুন খেলোয়াড়ের সংযোজন দলটাকে দিয়েছে রুদ্ররূপ।
আক্রমণ ভাগ মালদ্বীপেরও ভালো। সাফের টুর্নামেন্টে রেকর্ড ১৯ গোল করা আলী আশফাক ছন্দে আছেন। ভুটানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটা গোলই শুধু করেননি, নেতৃত্ব দিয়েছেন আক্রমণে। তবে মালদ্বীপের রক্ষণটা একটু নড়বড়ে। মামুনুলের চোখ সেখানেই, ‘মালদ্বীপের খেলা দেখেছি। ওদের রক্ষণ দুর্বলতা কাজে লাগতে পারলে জিতব আশা করি।’
প্রথম ম্যাচে বাজে খেলা জাহিদও অধিনায়কের সঙ্গে কণ্ঠ মেলালেন, ‘যা হওয়ার হয়ে গেছে, এখন মালদ্বীপকে হারাতে সর্বাত্মক চেষ্টা করব।’ তবে এর প্রতিফলন মাঠে কতটা দেখা যাবে সেটিই প্রশ্ন। বাংলাদেশের ফুটবলাররা ক্লান্তিহীনভাবেই চেষ্টার কথা বলেন, কিন্তু মাঠে নেমে তাঁরা হয়ে পড়েন অচেনা।
ডিফেন্ডার নাসির উদ্দিন অবশ্য এতেও ইতিবাচক দিক খুঁজে বের করেছেন। আন্তর্জাতিক টুর্নামেন্টে হার দিয়ে শুরু করার অভিজ্ঞতা বাংলাদেশের অনেক পুরোনো। কিন্তু সাফ গেমসে প্রথম ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিটা মনে করিয়ে দিয়ে নাসির বলছেন, ‘হেরে শুরু করার রেকর্ড তো আমাদের আজকের নয়। দীর্ঘ দিন থেকেই এমনটা হচ্ছে, তবে পরে ভালোও করেছি। এবারও তাই করব।’
ফুটবলাররা প্রতিজ্ঞা তো দিচ্ছেন। কিন্তু এর বিপরীতে তাঁদের শরীরের ভাষাটা একেবারেই প্রাণহীন। সবার চোখ মুখে রাজ্যের অন্ধকার। বড়দিনের প্রাণবন্ত আর বর্ণিল সাজের ছুটির কেরালায় যেমন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে খুব বিষণ্ন লাগল, ‘বাসা থেকে ফোন করেছে। সবারই মন খারাপ। পরিবারকে মিস করছি অনেক।’ সতীর্থেরা বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে হেমন্তকে। কিন্তু হেমন্তের মনে এখন বিষণ্নতার শীত! তবু বললেন, ‘মালদ্বীপকে আমরা হারাব আশা করি।’
বাংলাদেশ দলের ফুটবলাররা মালদ্বীপ নিয়ে কথা বলার সময়ই হোটেল লবিতে পাশেই মালদ্বীপের কোচ রিকি হার্বার্টকে দেখা গেল খাতা কলম নিয়ে ম্যাচ পরিকল্পনায় ব্যস্ত। মামুনুলদের সঙ্গে ড্র করলেও সুবিধাজনক অবস্থায় থাকবে মালদ্বীপ। তবে কোচের বক্তব্য, ম্যাচটা ড্রয়ের জন্য খেলবে না তাঁর দল লক্ষ্য, ‘আমরা বাংলাদেশকে সমীহ করলেও এই ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠতে চাই।’
মালদ্বীপের এই আত্মবিশ্বাসে ধাক্কা দেওয়ার দায়িত্ব এখন নিজেদের খুঁজে ফেরা মারুফুল অ্যান্ড কোং-এর। শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি।