শুরুতেই ইব্রা-ঝলক
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই ইব্রাহিমোভিচের হাঁকডাকে কান পাতা দায়। এই সুইডিশ স্ট্রাইকার যে চুপচাপ মানুষ, এমন ‘অপবাদ’ অবশ্য কেউ কখনো দিতেও পারেনি। তাঁর ইউনাইটেড অভিষেক বোধ হয় এমনই হওয়ার কথা ছিল, মাত্র ৪ মিনিটেই গোল করলেন তিনি!
কাকতালীয় বটে, শুরুটা হলো সুইডেনেই। গোথেনবার্গে তুরস্কের গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচের ১৯০ সেকেন্ডে উড়ে এল আন্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রস। ইব্রার ‘সিজার কিক’টা ঠিকঠাক লাগেওনি। তারপরও বল জালে জড়িয়ে দেওয়ার জন্য ওটুকুই যথেষ্ট ছিল। মাটিতে একবার পড়ে বলটা জড়িয়ে গেল গ্যালাতাসারাইয়ের জালে।
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ। তবু ইউনাইটেডের হয়ে ইব্রার শুরুটা বোধ হয় এর চেয়ে ভালো আর হতে পারত না। প্রথমার্ধে আর সে রকম কিছু করতে পারেননি ইব্রা। বিরতির সময় মাঠ থেকে উঠে গেছেন, তাঁর দলও পেয়েছে ৫-২ গোলের সহজ জয়।
ম্যাচ শেষে পুরো মৌসুমের জন্য একটা ঘোষণাও দিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ, ‘এ মৌসুমটা আকর্ষণীয় হবে অনেক। আর পগবা যদি আসে, তাহলে তো খুবই মজা হবে।’ সূত্র: রয়টার্স।