
চার বছর আগে কোপা আমেরিকাতে এই প্যারাগুয়েরই কোচ ছিলেন জেরার্ডো ‘টাটা’ মার্টিনো। একটা ম্যাচও না জিতে ফাইনাল খেলেছিল তাঁর দল। গ্রুপের তিনটি ম্যাচ ড্র, তারপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ব্রাজিল ও ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল। শেষ পর্যন্ত উরুগুয়ের কাছে হেরে যাওয়ায় তৃতীয়বারের মতো কোপার ট্রফিটা জেতা হয়নি। কিন্তু সাধারণ একটা দল নিয়েও ফাইনাল পর্যন্ত যাওয়ায় বাহবা পেয়েছিলেন মার্টিনো।
এবার যে শুধু ফাইনালে খেলে বাহবা পাওয়া যাবে না, ভালোই জনেন মার্টিনো। এবার যে তিনি প্যারাগুয়ের কোচ নন, এখন তাঁর কাঁধে আর্জেন্টিনার দায়িত্ব। যে দলটা কাগজে-কলমে টুর্নামেন্টের শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার। সমস্যা হচ্ছে, ‘অসাধারণ’ দল নিয়েও মার্টিনো এবার কোপার শুরুটা করলেন ২-২ গোলের ড্র দিয়ে, তাঁর সাবেক দল প্যারাগুয়ের বিপক্ষে!
সার্জিও আগুয়েরো আর লিওনেল মেসির গোলে যে ম্যাচে ঘণ্টা খানেক পর্যন্ত আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে, সেই ম্যাচ থেকেই মার্টিনোর দল ফিরল মাত্র ১ পয়েন্ট নিয়ে! ৬০ মিনিটে নেলসন ভালদেস আর নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে আর্জেন্টাইন বংশোদ্ভূত প্যারাগুইয়ান স্ট্রাইকার লুকাস ব্যারিওসের গোলে কপাল পুড়ল আর্জেন্টিনার। সেই ব্যারিওস, যিনি মেসি-তেভেজ-হিগুয়েইনদের ভিড়ে আর্জেন্টিনা দলে ডাক পাবেন না বুঝতে পেরে ২০১০ সালে নিয়েছিলেন প্যারাগুয়ের নাগরিকত্ব। আর তাঁকে প্যারাগুয়ে দলে প্রথম সুযোগটাও দিয়েছিলেন এই মার্টিনোই!
যে দলটা শিরোপা জিতেতে এসেছে, প্যারাগুয়ের সঙ্গে তাদের ড্র দিয়ে শুরুটা যে খুব বাজে ফল মার্টিনোও তা জানেন। ম্যাচের পর অকপটে স্বীকারও করলেন সে কথা, ‘শেষ মুহূর্তে ড্র করে পয়েন্ট হারানোটা অপরাধ। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। অনেক সুযোগ পেয়েছিলাম জয় নিশ্চিত করে ফেলার। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা যেন অন্য একটা দল হয়ে গেলাম। উল্টো ওরাই সুযোগ কাজে লাগাল।’
মেসি-পাস্তোরেরা সুযোগ নষ্ট করেছেন, কিন্তু ড্র করার দায়টা মার্টিনোকেই বেশি নিতে হবে। ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় তিনি হাভিয়ের পাস্তোরে আর এভার বানেগাকে তুলে নিয়ে বদলি নামিয়েছেন কার্লোস তেভেজ আর লুকাস বিলিয়াকে। মাঝমাঠের নিয়ন্ত্রণও তখনই হারায় আর্জেন্টিনা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে একটা পয়েন্ট পেয়ে যাওয়ায় উচ্ছ্বসিত নেলসন ভালদেস, ‘প্যারাগুয়ে এমন একটা দল, যারা কখনো হাল ছাড়ে না। আজ আবার এটা প্রমাণ করেছি আমরা। আলাদাভাবে হয়তো ওদের খেলোয়াড়েরা অনেক ভালো। কিন্তু দল হিসেবে আমরা ওদের চেয়ে ভালো।’
একই রাতে আগের ম্যাচটায় জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোপার শিরোপা ধরে রাখার মিশনে শুভসূচনা করেছে উরুগুয়ে। ৫২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন গত মৌসুমে পার্মায় ধারে খেলা উরুগুইয়ান মিডফিল্ডার ক্রিস্টিয়ান রদ্রিগেজ। তবে উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ মনে করেন শিরোপা ধরে রাখতে হলে সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলতে হবে, ‘প্রথম ম্যাচেই সেরাটা খেলা যেকোনো দলের জন্য একটু কঠিন। আশা করছি, টুর্নামেন্ট যত এগোবে আমরা ততই ছন্দে ফিরব।’ সনি কিক্স, এএফপি।