শুরুতেই বার্সার হোঁচট

গত বছরটা দুর্দান্তই কেটেছে বার্সেলোনার। তবে নতুন বছরের শুরুতেই হোঁচট খেয়েছে লুইস এনরিকের দল, গতকাল কাতালান ডার্বিতে এসপানিওলের সঙ্গে ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। ইংলিশ লিগে মহাস্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, সোয়ানসিকে হারিয়েছে ২-১ গোলে। তবে ওয়েস্ট হামের কাছে ২-০ গোলে হেরে বছরের শুরুটা ভালো হয়নি লিভারপুলের।
এনরিকে অবশ্য হারের জন্য পোস্টকে দায়ী করতেই পারেন। লিওনেল মেসি-লুইস সুয়ারেজের দুটি শট যে দুই অর্ধে পোস্টে লেগে ফিরে এসেছে! এই মৌসুমে তাই লা লিগায় প্রথমবারের মতো গোলের দেখা পেল না বার্সা। তবে এসপানিওলের কাছে ড্রটা জয়ের সমানই। দুই দলের সর্বশেষ আট দেখায় এই প্রথমবার কোনো পয়েন্ট পেল কাতালান ক্লাবটি।
ইউনাইটেড কোচ লুই ফন গাল খুব করেই একটি জয় চাইছিলেন। সোয়ানসির বিপক্ষে জয়টা প্রতিশোধের উপলক্ষও বটে, আগের তিন দেখায় তাদের কাছে ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড। কাল সেই সোয়ানসিকেই ২-১ গোলে হারানোর পর এ যাত্রা বোধ হয় ফন গাল পার পেয়ে যেতে পারেন। ৪৭ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের হেডে এগিয়ে যায় ইউনাইটেড। ৭০ মিনিটে গিলফি সিগুর্ডসন গোল করে সোয়ানসিকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু ৭ মিনিট পর মার্শিয়ালের ক্রস থেকেই ওয়েইন রুনির গোল করে ওল্ড ট্রাফোর্ডে আনন্দের উপলক্ষ এনে দেন। প্রিমিয়ার লিগে সাত ম্যাচ পর জয় পেল ইউনাইটেড, রুনি গোল পেলেন ১০ ম্যাচ পর। মৌসুমের নিজের তৃতীয় গোল করে অন্য উচ্চতায় উঠে গেছেন ইউনাইটেড স্ট্রাইকার। প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন রুনি (১৮৮), ২৬০ গোল নিয়ে অ্যালান শিয়ারার অবশ্য অনেকটাই সামনে। স্টার স্পোর্টস।