
বেল-বেনজেমা-রোনালদোর সঙ্গে হামেস রদ্রিগেজ। তাঁদের ঠিক পেছনে লুকা মডরিচ, টনি ক্রুস। রক্ষণে রামোস-পেপে-কোয়েন্ত্রাও-কারভাহাল। গোলপোস্টে ইকার ক্যাসিয়াস। গত মঙ্গলবার ‘দ্বিতীয় গ্যালাকটিকো’ যুগের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই ছিল রিয়াল মাদ্রিদের শুরুর একাদশ। রিয়ালের নতুন গ্যালাকটিকোরা প্রথম সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ। উয়েফা সুপার কাপে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে রিয়াল ঘরে তুলেছে মৌসুমের সম্ভাব্য ছয় শিরোপার প্রথমটি। আজ আরেক মঙ্গলবারে রিয়ালের তারার মেলার সামনে দ্বিতীয় পরীক্ষা। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে তাদের মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
আজও কি একই দল নামাবেন কোচ কার্লো আনচেলত্তি? তারার ভিড়ে সেদিন জাবি আলোনসো, স্যামি খেদিরাদের মতো খেলোয়াড়দের জায়গা হয়েছিল বেঞ্চে। আজও তাঁরা খেলতে পারবেন কি না, সেটা বলবে সময়। তবে বার্নাব্যুতে অ্যাটলেটিকোর সামনে দাঁড়ানোর আগে আনচেলত্তির সামনে সবচেয়ে বড় প্রশ্ন—গোলপোস্টে কে থাকবেন? ক্যাসিয়াস, না কেইলর নাভাস?
ক্যাসিয়াস আর আগের ক্যাসিয়াস নেই। তার পরও উয়েফা সুপার কাপে ক্যাসিয়াসের ওপরই আস্থা রেখেছিলেন আনচেলত্তি। নাভাস ম্যাচটি দেখেছেন বেঞ্চে বসেই। ক্যাসিয়াস উতরে গেছেন, কারণ কার্ডিফে ক্যাসিয়াসকে তেমন পরীক্ষাই দিতে হয়নি! গত শনিবার ফিওরেন্টিনার বিপক্ষে নাভাসের অভিষেক হলেও সেটা ছিল প্রীতি ম্যাচ। কোস্টারিকান গোলরক্ষক তাই প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের অপেক্ষায় রয়েছেন, ‘আমি এখানে বিনয়ের সঙ্গে কাজ করতে এসেছি এবং প্রতিদিনই চেষ্টা করব। যেমনটা আমি সারা জীবন করে এসেছি। আমাদের এখন সামনের ম্যাচটা নিয়েই ভাবতে হবে। আমরা জিততে চাই।’
আজই কি তাঁর অপেক্ষা শেষ হবে? কোচ আনচেলত্তি এখনো সিদ্ধান্ত নেননি কাকে খেলাবেন, ‘সুপারকোপা ডি এস্পানায় কে খেলবে, আমরা সেই সিদ্ধান্ত পরে নেব।’ তবে আনচেলত্তি নিশ্চিত করে দিয়েছেন পরশু অনুশীলন না করলেও রোনালদো খেলবেন, ‘কোনো সমস্যা ছাড়াই সে সুপারকোপা ডি এস্পানায় খেলার জন্য প্রস্তুত।’
বার্নাব্যুর ম্যাচটা হয়ে যাচ্ছে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পুনর্মঞ্চায়ন। অ্যাটলেটিকোর জন্য তাই প্রতিশোধ নেওয়ার সুযোগ। গত ২৪ মে লিসবনের ফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়ে ‘লা ডেসিমা’ ঘরে তুলেছে রিয়াল। দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পরও অ্যাটলেটিকোকে পুড়তে হয় প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলতে না পারার বেদনায়।
ডিয়েগো সিমিওনের দল সেই হতাশা একটু হলেও হালকা করতে চায় সুপার কাপে রিয়ালকে হারিয়ে। শুক্রবার ফিরতি লেগটি নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে। তার আগে বার্নাব্যুতে জিতে এগিয়ে থাকতে চায় অ্যাটলেটিকো। মিডফিল্ডার মারিও সুয়ারেজ বলছেন, ‘মঙ্গলবার আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক শিরোপা লড়াইয়ে মুখোমুখি হব। আমরা সব সময় যেমনটা করি, এই ম্যাচেও সেভাবেই খেলব। আমরা জিততে চাই এবং প্রত্যেকেই সেটি জানে।’
১৮ বছর পর লিগ জয়, ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা। গত মৌসুমটি স্বপ্নের মতোই কেটেছে অ্যাটলেটিকোর। কিন্তু এই গ্রীষ্মে অ্যাটলেটিকো ছেড়ে চেলসিতে নাম লিখিয়েছেন ডিয়েগো কস্তা, ফেলিপে লুইস। ধারে চুক্তির মেয়াদ শেষ করে গোলরক্ষক থিবো কোর্তোয়াও ফিরে গেছেন নিজের মূল দল চেলসিতে। তাঁদের জায়গায় অ্যাটলেটিকো মারিও মানজুকিচ, রাউল জিমেনেজ, আন্তোনিও গ্রিজমানদের দলে ভিড়িয়েছে। তার পরও প্রশ্নটা থাকছেই, অ্যাটলেটিকো পারবে গত মৌসুমের পুনরাবৃত্তি করতে? ইঙ্গিতটা মিলতে পারে আজই। এএফপি ও গোলডটকম।