শুরুতেই সৌদি-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল বাছাইপর্ব শুরু আজ। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক শাওন (মাঝে), নাইফ (বাঁয়ে) ও মাজেদের মধ্যে যতটা না প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ, তার চেয়ে যেন বেশি ছড়িয়ে আছে বন্ধুতার আবাহন l প্রথম আলো
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল বাছাইপর্ব শুরু আজ। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক শাওন (মাঝে), নাইফ (বাঁয়ে) ও মাজেদের মধ্যে যতটা না প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ, তার চেয়ে যেন বেশি ছড়িয়ে আছে বন্ধুতার আবাহন l প্রথম আলো

কদিন আগেই সিলেটের মাঠে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব সঙ্গী হয়েছিল বাংলাদেশের। কিন্তু সেটি ছিল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। আজ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল বাছাইপর্বের চ্যালেঞ্জটা অনেক বড়। গ্রুপের অন্য দুটি দল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ধারে-ভারে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে।
আজ প্রথম দিনেই বাংলাদেশের সামনে সৌদি আরব। অনূর্ধ্ব-১৬ ফুটবলে যাদের কাছে এর আগে দুবারই হার আশার সলতে জ্বালাতে দিচ্ছে না। ১৯৮৬ সালে এএফসির টুর্নামেন্টে ১-০, ১৯৯২ সালে ৪-০। এবারও সৌদি আরবকে সমীহ করেই আজ সন্ধ্যা ছয়টায় শুরু ম্যাচে নামছে স্বাগতিক দল।
পাকিস্তান আসার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় গ্রুপে দল তিনটিই। চ্যাম্পিয়ন দল যাবে ভারতে আগামী বছর অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে। বাংলাদেশের পক্ষে চূড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্ন দেখাটা বাড়াবাড়িই। সৌদি আরবকেই ভাবা হচ্ছে সম্ভাব্য গ্রুপ চ্যাম্পিয়ন। তিন মাসের প্রস্তুতি নিয়ে বেশ আটঘাট বেঁধেই দলটি ঢাকা এসেছে।

ফিকশ্চার
ফিকশ্চার

সৌদি আরবের কোচ মোহাম্মদ আল আবদালির শরীরের ভাষায় সেটি পরিষ্কারই বোঝা গেল। তবে বাংলাদেশ স্বাগতিক এবং বয়সভিত্তিক ফুটবলে যেকোনো কিছুই সম্ভব বলে তিনি সাবধানী, ‘সহজেই জিতে যাব, মোটেও এমন ভাবছি না।’
বাংলাদেশ দল সৌদি আরবকে রুখে দেওয়ার মন্ত্রই জপছে। এ ক্ষেত্রে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট জয়ের তাজা স্মৃতি থেকেই প্রেরণা খুঁজছেন স্বাগতিক দলের কোচ গোলাম জিলানী, ‘এই ছেলেরাই সাফ জিতেছে। কাজেই কয়েক ধাপ ওপরের এই টুর্নামেন্টে আমরা লড়াই করব বলেই আশা করি।’
এই প্রতিযোগিতায় হয়তো বড় ব্যবধান গড়ে দেবে বাকি দুটি দেশের ফুটবল ঐতিহ্য। দুটি দেশই বিশ্বকাপে খেলেছে। জিলানী তাই খুব হিসাব কষেই এগোতে চান, ‘আমরা চাইব আক্রমণে উঠলে বেশি খেলোয়াড় যেন যোগ দেয়, রক্ষণটাও সবাই একসঙ্গে করে।’ বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেনও অঙ্ক কষে খেলার ওপর জোর দিল, ‘শক্তিশালী দলের সঙ্গে আমাদের বুঝেশুনে খুব ভালো ফুটবল খেলতে হবে।’