শুরুতেই হোঁচট আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রয়েই জয়ের সমান আনন্দে ভাসলেন রহমতগঞ্জের ফুটবলাররা। আবাহনী পয়েন্ট খোয়ানোয় হতাশ কোচ জর্জ কোটান l প্রথম আলো
ড্রয়েই জয়ের সমান আনন্দে ভাসলেন রহমতগঞ্জের ফুটবলাররা। আবাহনী পয়েন্ট খোয়ানোয় হতাশ কোচ জর্জ কোটান l প্রথম আলো

মুখে হাসি ফুটিয়ে বোঝালেন যেন কিছুই হয়নি। কিন্তু জর্জ কোটানের ভেতরটা ঠিকই পুড়ছিল। জিততে জিততে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত ড্র। আবাহনী কোচ তাঁর ডিফেন্ডারদের শিশুতোষ ভুল নিয়ে পারলে ম্যাচের পরপরই নেমে পড়েন অনুশীলনে!
আগামী কয়েক দিন নিশ্চিত করেই ডিফেন্ডার মামুন মিয়াকে নিয়ে আলাদা ক্লাস করবেন কোটান। মামুন জায়গামতো ছিলেন না। সুযোগটা কাজে লাগিয়ে রহমতগঞ্জের বদলি ফরোয়ার্ড মান্নাফ রাব্বি শেষ মুহূর্তে নেমেই হঠাৎ নায়ক। আবাহনীর গোলরক্ষক জিয়াকে একটু নড়বড়েই লাগল তাঁর সামনে। রাব্বির দুর্দান্ত শটটা জালে জড়াতেই স্কোরলাইন ২-২।
ম্যাচ ততক্ষণে গড়িয়েছে অতিরিক্ত সময়ে। এমন সময়ে ‘ছোট দল’ গোল পাওয়া মানে অন্য রকম এক রোমাঞ্চ। সেই রোমাঞ্চ সঙ্গী করে আনন্দে আত্মহারা রহমতগঞ্জের খেলোয়াড়েরা। আবাহনীকে লিগের প্রথম ম্যাচে হারানোর সুখস্মৃতি আছে রহমতগঞ্জের। কাল অবশ্য ড্র করেই জয়ের আনন্দ নিয়ে ঘরে ফিরেছে দুই মৌসুম পর প্রিমিয়ারে ফিরে আসা পুরান ঢাকার দলটি।
আবাহনী গোটা ম্যাচটাই নিয়ন্ত্রণ করে শেষ পর্যন্ত কিনা পয়েন্ট খোয়াল! খেলার ধারা অনুযায়ী অবশ্য আবাহনীর বড় ব্যবধানেই জেতার কথা। কোটানের হাতে গড়া দলটি ছোট ছোট পাসে খেলা তৈরি করাই শুধুই নয়, বল পজেশনেও এগিয়ে থাকল অনেক। শেষ কাজটাই শুধু নিখুঁত হচ্ছিল না। যথারীতি গোল করার লোকের অভাব!
তবে গোল পেতে দুই উইংব্যাক ওপরে উঠল। বাঁ দিকে আরিফের চেয়ে অনেক বেশি সক্রিয় ছিলেন রাইটব্যাক নাসির। একাই বলতে গেলে ত্রাস তৈরি করেন রহমতগঞ্জের রক্ষণে। ওভারল্যাপ করে বারবার উঠেছেন ওপরে। তাঁর তোলা ক্রস ঠিকভাবে কাজে লাগাতে পারলে অন্তত ৬-৭ গোলে জিততে পারত আকাশি-নীল দল। কোটানও পরে বললেন, ‘আমরা তো ১৫-২০টা ক্রস তুলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর তিন-চারটিই কেবল ভালোভাবে সংযোগ করা গেছে।’
উইংব্যাকদের ওপরে উঠে আবার দ্রুত নিচে নামারও তাগিদ থাকে। সময়মতো নামতে না পারা মানে রক্ষণে ফাঁকা জমি পায় প্রতিপক্ষ। প্রতি-আক্রমণে আবাহনীকে রুখে দেওয়ার পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে নামা রহমতগঞ্জ তাই পুরোপুরিই সফল। দুটি গোলই তারা করল আবাহনীর রক্ষণে ফাঁকা জায়গা পেয়ে।
অথচ আবাহনীকে গোল পেতে ঘাম ঝরাতে হয়েছে অনেক। ৫৬ মিনিটে গোল-বন্ধ্যাত্ব ঘোচে চনমনে এবং বেশ আক্রমণাত্মক নাসিরের একটা নিচু ক্রস থেকে। হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড চরবার টোকা জালে যেতেই স্বস্তির নিশ্বাস আবাহনী তাঁবুতে। কিন্তু গোলটার স্থায়িত্ব ছিল এক মিনিট। প্রতি-আক্রমণে আবাহনীর খেলোয়াড়েরা নামতে পারেননি, বিশেষ করে মামুন নিজের জায়গায় ছিলেন না। নাইজেরিয়ান স্ট্রাইকার সলোমন মাপা শটে বল জালে পাঠাতে তাই কোনো ভুলই করেননি। গোলের জন্য আবার আবাহনীর নতুন অভিযান। আবার সম্মিলিত আক্রমণ, তেড়েফুঁড়ে নাসিরের ওপরে উঠে ক্রস তোলা। ৭০ মিনিটে নাসিরের আরেকটি ক্রস, এবার হাঙ্গেরিয়ান গাবো ড্যামিয়েনের হেড জালে।
শেষ ২০ মিনিট প্রবল প্রতিপক্ষের সঙ্গে কীভাবে খেলতে হয়, সেই পাঠ ভালোভাবেই শিষ্যদের শিখিয়েছেন রহমতগঞ্জ কোচ কামাল বাবু। ম্যাচের পর তাই বিজয়ীর হাসি তাঁর মুখে। তার পরও ফাঁকা পোস্ট পেয়ে আবাহনীর গোল না পাওয়া, ভাগ্যের সহায়তা—এই সন্ধ্যায় সবই থাকল রহমতগঞ্জের পাশে।