শুরুর আগেই বরখাস্ত কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল মৌসুম শুরুর আগেই চাকরি হারালেন মুক্তিযোদ্ধার ইতালিয়ান কোচ ফ্লাভিও রাফো। গত ডিসেম্বরে ছয় মাসের চুক্তিতে মুক্তিযোদ্ধার দায়িত্ব নিতে ঢাকায় আসেন ৪৩ বছর বয়সী কোচ। কিন্তু কালই তাঁকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ এবং রাতের বিমানেই রাফো ইতালি ফিরে গেছেন।
হঠাৎই কেন চলে যেতে হলো রাফোকে? মুক্তিযোদ্ধার ম্যানেজার ফিরোজ মাহমুদ টিটু বললেন, ‘রাফোর আচরণগত সমস্যা ছিল। ক্লাব কর্মকর্তা, ফুটবলার সবার সঙ্গে ইদানীং বাজে ব্যবহার করছিলেন তিনি। আর প্রতিদিনই বেতন বাড়ানোর জন্য আমাদের চাপ দিচ্ছিলেন।’ রাফোর হাতে চুক্তির ৪০ ভাগ বেতন তুলে দেওয়া হয়েছে বলে দাবি করলেন টিটু। গত মৌসুমে পেশাদার লিগে তৃতীয় হওয়া দলটি আবারও স্থানীয় কোচই নিচ্ছে বলে জানালেন তিনি।