শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টকে ‘না’ করে দিয়েছে কলকাতার মোহনবাগান। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির অংশ নেওয়াটাও অনিশ্চিত হয়ে পড়েছে। ফুটবলপাড়ায় কাল গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, মোহামেডানও খেলতে অস্বীকৃতি জানিয়েছে। তবে মোহামেডানের পরিচালক সারোয়ার হোসেন শেষ পর্যন্ত গুঞ্জনটাকে উড়িয়েই দিয়েছেন, ‘আমরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছি। আজ এই মর্মে একটি চিঠি দিয়েছি ফেডারেশনকে।’
মোহামেডান টুর্নামেন্টে খেলবে। কিন্তু শেখ জামাল খেলবে কিনা সেটি নিশ্চিত নয়। কাল ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান শেখ আশরাফউদ্দিন আহমেদ চুন্নু জানালেন, ‘আমরা এই টুর্নামেন্টে অংশ নেব কি না, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। আমাদের ক্লাব সভাপতি (মনজুর কাদের) সিঙ্গাপুরে আছেন। তিনি পরশু দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
বঙ্গবন্ধু-তনয় শেখ কামালের নামে টুর্নামেন্টটি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী ২০–৩০ অক্টোবর হওয়ার কথা।