শূন্য হাতে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ বিশ্বকাপে হয়নি, গত কোপা আমেরিকাতেও না। হলো না এবারও। যাঁর পায়ে ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন দেখছিল আকাশি-সাদা রঙের দলটি, সেই লিওনেল মেসিই এমনভাবে ব্যর্থ! সেই ব্যর্থতায় কাঁদলেন নিজেই। রাগ, ক্ষোভ, লজ্জা, অভিমান যা-ই হোক—সবই নিজের ওপর নিজের। এতটাই যে ফাইনালের পর বিনা মেঘে বজ্রপাতের মতো আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ই বলে দিলেন মেসি!
মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই খবর এল, মেসি বলে দিয়েছেন, ‘আমি যা যা পারি সব করেছি। কিন্তু আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারিনি। আমার জন্য আর্জেন্টিনা-অধ্যায় শেষ।’ সেই মেসি, যিনি একবার বলেছিলেন, আর্জেন্টিনার হয়ে একটা ট্রফির জন্য দরকার হলে ক্লাবের হয়ে জেতা সব ট্রফি ছেড়ে দিতে রাজি!
হয়তো হারের ধাক্কার তাৎক্ষণিক প্রতিক্রিয়া এটা। নইলে কি আর মাচেরানো, আগুয়েরোরাও বলে দেন, মেসির সঙ্গে তাঁরাও দল বেঁধে অবসর নিতে পারেন! সতীর্থ সার্জিও রোমেরোই যেমন আভাস দিয়েছেন, মেসি ফিরে আসবেন আবার। কিন্তু সেই অনাগত ভবিষ্যতের কথা কে বলতে পারে! আপাতত তো এটাই বাস্তব, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এক ট্র্যাজিক নায়ক হয়েই বিদায় নিলেন মেসি।
ঘোষণাটা এত আকস্মিক বলেই বিশ্বাস করতে অনেকের কষ্ট হয়েছে। ‘মিক্সড জোনে’ সাংবাদিকেরাও ধাক্কা সামলে বারবার প্রশ্ন করেছেন, সত্যিই কি আর জাতীয় দলের হয়ে খেলবেন না মেসি? আর্জেন্টাইন ফরোয়ার্ড অবশ্য ওই সময় খুব দৃঢ় কণ্ঠেই বলেছেন, ‘সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আর (ট্রফি জয়ের) চেষ্টা করব না। এ সিদ্ধান্ত থেকে আর পিছু ফিরে আসারও সম্ভাবনা নেই।’
টানা তিন বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালের এত কাছে গিয়েও শূন্য হাতে ফেরা! আক্ষেপ তাঁকে পোড়ানোরই কথা। তাই বলে এভাবে হঠাৎ অবসর? আর্জেন্টিনা ফরোয়ার্ডকে তাঁর সিদ্ধান্ত আবারও বিবেচনা করার অনুরোধ জানাচ্ছেন অনেকেই। আর সেই তালিকায় আর্জেন্টিনায় মেসির শহর রোজারিওর সাধারণ ফুটবলভক্তরা যেমন আছেন, তেমনি আছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকারও। এমনকি কালকের ম্যাচে মেসির প্রতিপক্ষ চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভোও বলেছেন, ‘আমার মতে সে বিশ্বের সেরা খেলোয়াড়, ইতিহাসের সেরা খেলোয়াড়ও। সে কেমন মানুষ তা আমরা খুব ভালোই জানি। আমি আশা করি, আর্জেন্টিনার হয়ে সে আরও অনেক বছর খেলে যাবে।’
এত ভালোবাসা আর এত অনুরোধে সাড়া দিয়ে মেসি সত্যিই ফিরবেন কি না, সেটি সময়ই বলে দেবে। আপাতত বাস্তবতা হচ্ছে, টাইব্রেকারে তাঁর ব্যর্থতায় শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে ৪-২ গোলে জিতে গেল চিলি, পেল টানা দুই বছরে কোপা আমেরিকার দুটি ট্রফি। আর আর্জেন্টিনা? ২৩ বছর ধরে ট্রফি-শূন্য!
চারটি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি ব্যালন ডি’অর জেতার পরও দেশের হয়ে ১১ বছরের ক্যারিয়ারে মেসিও তো শূন্যই!