শেকড়ের টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেকড়ের টানে সুদূর ডেনমার্ক থেকে বাংলাদেশে এসে লাল-সবুজ জার্সি গায়ে চড়িয়েছেন ফুটবলার জামাল ভূঁইয়া। এবার জাতীয় মহিলা ফুটবল দলেও দেখা যেতে পারে এমনই একজন প্রবাসীকে। যুক্তরাষ্ট্রপ্রবাসী মায়ামি রহমান শিকদার কাল ফুটবল ফেডারেশনে এসে ট্রায়াল দিয়েছেন জাতীয় দলে সুযোগ পেতে। আসন্ন ইন্দো-বাংলা গেমসে খেলতেই নিউইয়র্ক থেকে পরশু দেশে এসেছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার। বাবা মিজানুর রহমান শিকদার প্রায় ২২ বছর আগে দেশ ছেড়ে স্থায়ী হয়েছেন নিউইয়র্কে। ফুটবলের পাঁড় ভক্ত মিজানুর রহমান নিজে ফুটবল খেলেননি। তবে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন। এ জন্যই ফেডারেশনে যোগাযোগ করেন। বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার জানালেন, ‘ওর বাবার প্রচণ্ড আগ্রহেই মূলত ট্রায়াল দিতে ডেকেছি। যদি কোচ ওকে পছন্দ করে তাহলে হয়তো ইন্দো-বাংলা গেমসেই সে খেলবে।’ যুক্তরাষ্ট্রের রাজ্য সকার লিগের দ্বিতীয় বিভাগে খেলা মায়ামি কি পারবেন বাবার স্বপ্ন পূরণ করতে?