শিকড়ের টানে অর্থের খোঁজে তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরণার্থী শিবিরে তাঁদের বেড়ে ওঠা, শরণার্থীদের জন্যই এবার মাঠে নেমেছেন ডেভিস ও বেগোভিচ। ছবি: এএফপি
শরণার্থী শিবিরে তাঁদের বেড়ে ওঠা, শরণার্থীদের জন্যই এবার মাঠে নেমেছেন ডেভিস ও বেগোভিচ। ছবি: এএফপি

ঘানার একটি শরণার্থী শিবিরে তাঁর বেড়ে ওঠা। যখন বয়স পাঁচ বছর, তাঁর পরিবার ঘানা থেকে পাড়ি জমায় কানাডায়। শৈশবের সেই স্মৃতি থেকেই শরণার্থী শিবিরের কষ্টটা তাই ভালোভাবেই বোঝেন আলফনসো ডেভিস। করোনাভাইরাসের এই কঠিন সময়ে তাই শরণার্থীদের সাহায্যে নেমে গেছেন বায়ার্ন মিউনিখের এই কানাডিয়ান উইঙ্গার। 

মানুষকে লকডাউনে রেখেও আটকে রাখা যাচ্ছে না। ভয়ংকর করোনাভাইরাস যদি কোনো শরণার্থী শিবিরে একবার ছড়িয়ে পড়ে, তাহলে মারাত্মক বিপর্যয় ঘটবে সেখানে, এমনটাই মনে হয়েছে ডেভিসের। আর শরণার্থী শিবিরের মানুষকে করোনাভাইরাস থেকে বাঁচাতে তাই তো তহবিল সংগ্রহে নেমেছেন কানাডিয়ান উইঙ্গার। আর তাঁর এমন মহৎ উদ্যোগে সঙ্গী হয়েছেন আরেক ফুটবলার আসমির বেগোভিচ। এসি মিলানের এই গোলরক্ষকও যে একসময় শরণার্থী শিবিরেই বেড়ে উঠেছেন!
বসনিয়া থেকে জার্মানিতে পাড়ি জমানো বেগোভিচ এবং ঘানার শরণার্থী শিবিরে বেড়ে ওঠা ডেভিসকে তহবিল জোগাতে সবকিছুর আয়োজন করে দিয়েছে শরণার্থীদের জন্য জাতিসংঘের সংগঠন ইউএনএইচসিআর। গত শনিবার ফুটবলের ভিডিও গেম প্রো-ইভোল্যুশান সকারে (পিইএস) অনলাইনে একটি ম্যাচ খেলেছেন বেগোভিচ ও ডেভিস। পিইএস টোয়েন্টি টোয়েন্টি নামের টুর্নামেন্টে খেলে তাঁরা বিশ্বের ৭ কোটি শরণার্থীর জন্য তহবিল সংগ্রহ করেছেন।
অনলাইনে ভিডিও সংবাদ সম্মেলনে ডেভিস বলেন, 'এই মুহূর্তে আমাদের আসল কাজ হচ্ছে শরণার্থীদের জন্য অর্থ জোগাড় করা, যেটা তাদের খুব দরকার।' শরণার্থী শিবিরের গা ঘেঁষাঘেঁষি করে থাকা মানুষের কথা ভেবে শঙ্কিত তিনি, 'অবশ্যই তাদের পক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে বসবাস করা খুব কঠিন। আর যদি একবার করোনা হানা দেয় শরণার্থী শিবিরে, তাহলে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে। আমি আমার জায়গা থেকে এই কথাগুলোই সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং যতটা সম্ভব সাহায্য করতে চাই।' জাতিসংঘকে ধন্যবাদ জানাতেও ভোলেননি , 'আমি যখন শরণার্থী শিবিরে ছিলাম তখন ওরা (ইউএনএইচসিআর) আমাকে সাহায্য করেছে। এবং এবার আমি ওদের সাহায্য করতে চাই।'
অনলাইনে খেলে এরই মধ্যে ৯০০০ ইউরো জোগাড় করতে পেরেছেন তাঁরা। বেগোভিচের কাছে হেরেও খুশি ডেভিস, ‘ম্যাচটা সত্যি মজার ছিল। তবে (পিইএসে) আমার চেয়ে সে-ই বেশি ম্যাচ জিতেছে, সে হিসাবে ফলটা ঠিকই আছে।’