শেখ কামাল টুর্নামেন্টে শেখ জামালও নেই!
লিগ রানার্সআপ শেখ রাসেলকে আমন্ত্রণই জানানো হয়নি। আমন্ত্রণ পেয়েও চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি শেষ পর্যন্ত সাড়াই দিল না। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্টে তাই চারটি থেকে কমে বাংলাদেশের দল দাঁড়াচ্ছে তিনটি। তাতে হঠাৎ করেই বিদেশি দলের সংখ্যা চার থেকে হয়ে গেছে পাঁচ।
তিনটি দেশি ও পাঁচটি বিদেশি দল নিয়ে ২০-৩০ অক্টোবর চট্টগ্রামে এই টুর্নামেন্টে স্থানীয় দল থাকছে ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান ও আয়োজক চট্টগ্রাম আবাহনী। শেখ জামালের জায়গায় পঞ্চম বিদেশি দল ভুটানের চ্যাম্পিয়ন থিম্পু এফসি। এর আগে কলকাতার ইস্টবেঙ্গল ও মোহামেডান, আফগানিস্তানের শাহীন আসমাই ও শ্রীলঙ্কার সলিড স্পোর্টিং ক্লাবকে ঠিক করেন আয়োজকেরা। তবে কলকাতা মোহনবাগান আসবে বলেও আসছে না, নাম প্রত্যাহার করেছে নেপালের পুলিশ দলও।
প্রশংসনীয় এই আয়োজনে শেখ জামালের অনীহা দেশের জন্যই ভালো বিজ্ঞাপন নয়। যদিও টুর্নামেন্টের সমন্বয়কারী শাকিল মাহমুদ চৌধুরী কাল বললেন, ‘২৫ সেপ্টেম্বর এন্ট্রি দেওয়ার সময় পেরোনোর পরও আমরা চার দিন অপেক্ষা করেছি। তাতেও শেখ জামালের সাড়া না পেয়ে আজ বাধ্য হয়ে ভুটানের দলটাকে নিশ্চিত করেছি। শেখ জামালের আর কোনো সুযোগ নেই, তারা না খেললেও আশা করি টুর্নামেন্ট আকর্ষণীয়ই হবে।’
শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু অবশ্য বলেছেন, ‘ক্লাব সভাপতি কাদের ভাই কাল (আজ) দেশে ফিরে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।’ সিদ্ধান্তটা নেতিবাচক হবে বলেই ধারণা আয়োজক চট্টগ্রাম আবাহনীর। কারণ টুর্নামেন্টে স্থানীয় দলগুলোকে দেওয়া ৫ লাখ টাকা করে অংশগ্রহণ ফি শেখ জামালের অপছন্দ। অনানুষ্ঠানিকভাবে তারা দাবি করেছে ৩০ লাখ টাকা।
শেখ জামালের কাছে টাকাটা বিশেষ গুরুত্ব পেলেও তাদের অংশ না নেওয়াটা কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। এই দলের খেলোয়াড়েরা টুর্নামেন্টে অন্য দলের হয়ে খেলতে পারবেন? অধিনায়ক মামুনুল ইসলামসহ জাতীয় দলের ১৩-১৪ জনই শেখ জামালের। তাঁরা জানেন না এই টুর্নামেন্টে অন্য দলের হয়ে খেলার সুযোগ পাবেন কি না। শেখ রাসেলও তাদের খেলোয়াড় না ছাড়লে টুর্নামেন্টটা হোঁচট খাবে বৈকি। মামুনুল ইসলাম চান না তেমন কিছু হোক, ‘শেখ জামাল না খেললে খেলোয়াড়দের অনুমতি দেওয়া উচিত। ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা থাকব না এটা হয় কী করে!’
এদিকে এখনো দল গোছাতে পারেনি আয়োজকেরাই। চট্টগ্রাম আবাহনীর কোচ শফিকুল ইসলাম মানিক বললেন, ‘কাদের নিয়ে দল গড়তে পারব এখনো নিশ্চিত নই। দেখা যাক, কী হয়।’