শেখ কামাল টুর্নামেন্টে শ্রীলঙ্কার ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দলের শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে খেলবে শ্রীলঙ্কার সলিড স্পোর্টিং ক্লাব। বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি, ঢাকা আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, কলকাতার ইস্ট বেঙ্গল ও মোহনবাগান এবং নেপালের লিগ চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণ নিশ্চিত ছিল আগেই। অষ্টম দলটিকেই ঠিক করতে পারছিলেন না আয়োজকেরা। কাল বাফুফে থেকে জানা গেল, শ্রীলঙ্কার সলিড স্পোর্টিং ক্লাবই সেই দল।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম ব্যাপারটা নিশ্চিত করে বললেন, ‘টুর্নামেন্টের অষ্টম দল হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। এই তিন দেশের লিগ চ্যাম্পিয়নরাই খেলতে আগ্রহী ছিল। কিন্তু আমরা শ্রীলঙ্কার দলটিকে চূড়ান্ত করেছি।’
টুর্নামেন্টে মোহনবাগান আসবে না বলে গুঞ্জন আছে। তবে টুর্নামেন্টের সমন্বয়কারী শাকিল আহমেদের দাবি মোহনবাগানও খেলবে, ‘মোহনবাগান আমাদের ই-মেইলে জানিয়েছে যে তারা এই টুর্নামেন্টে খেলবে।’ আগামী ২১-৩০ অক্টোবর চট্টগ্রামে হবে এই টুর্নামেন্ট।