শেখ কামাল টুর্নামেন্টের ড্র পেছাল
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ড্র হওয়ার কথা ছিল গতকাল। সেটি তো হয়ইনি, উল্টো আরও পিছিয়ে গেছে। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে হবে এই ড্র অনুষ্ঠান। আট দলের অংশগ্রহণে চট্টগ্রামে ১৮ ফেব্রুয়ারি শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ।
আট দলের অংশগ্রহণ নিশ্চিত হলেও শেষ মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না বলে আয়োজকদের জানিয়ে দেয় ফিলিপাইনের ফুটবল ক্লাব স্টালিন এফসি। শেষ পর্যন্ত তাদের বিকল্প দলের অনুসন্ধানের জন্যই ড্র অনুষ্ঠান পেছানো হয়েছে। বিকল্প হিসেবে এই টুর্নামেন্টে খেলতে আসছে কিরগিজস্তানের একটি ক্লাব। যদিও কাল পর্যন্ত ক্লাবটির নাম জানাতে পারেননি আয়োজক কমিটির কর্মকর্তা তরফদার রুহুল আমিন।
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে কিরগিজস্তানের ক্লাব ছাড়াও অংশ নেবে বাংলাদেশের তিনটি দল ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। অন্য বিদেশি দল—দক্ষিণ কোরিয়ার এফসি পোশেন, নেপালের মানাং মার্সিয়াংদি, আফগানিস্তানের শাহিন আসমাই ও মালদ্বীপের টিসি স্পোর্টস।
এই টুর্নামেন্টের জন্য ঢাকা আবাহনী এরই মধ্যে তাদের তিন বিদেশি নাইজেরিয়ান সানডে সিজোবা, ঘানার সামাদ ইউসুফ ও জোনাথন ডেভিডকে উড়িয়ে আনছে। আরও আগে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সানডের দেরি হচ্ছে ভিসার কারণে।