শেখ জামাল-কাদের সম্পর্কচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ভেতরটা অন্য রাতের মতো কালও আলোকিত ছিল। সেই আলোতে ফুটবল মাঠের পাশে টেনিস, বাস্কেটবল কোর্টে রাত ৮টা নাগাদ খেলছিলেন কিছু তরুণ। আশপাশে আরও কিছু মুখ ঘোরাফেরা করছিল। কিন্তু অন্য সময়ের মতো ক্লাবে স্বতঃস্ফূর্ততা দেখা গেল না। ঘণ্টা চারেক আগে ক্লাবের সভাপতি পদ থেকে মনজুর কাদেরের পদত্যাগে স্বাভাবিক ছন্দটা যেন হারিয়ে ফেলেছে দেশের অন্যতম শীর্ষ ক্লাবটি।
ছন্দটা ফিরিয়ে আনতে মনজুর কাদেরের ঘনিষ্ঠজনেরা আপ্রাণ চেষ্টা করছেন। তাঁরা কেউই এই পদত্যাগ মানতে পারছেন না। ক্লাবের অফিস কক্ষে বসে অন্যতম পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শেখ ইকবাল খোকন বললেন, ‘উনি অভিমান করে চলে যেতে চাইলেই তো হবে না।’ তারপরই দিলেন ঘোষণা, ‘পদত্যাগপত্র প্রত্যাহার না করা পর্যন্ত আমরা তাঁর অফিস ঘেরাও করে রাখব কাল (আজ) দুপুর ১২টা থেকে।’
ঠিক তখনই বিক্ষোভ কর্মসূচির ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তি কম্পোজ করছিলেন এক কর্মী। সংবাদমাধ্যমে সেটি পাঠিয়ে বিক্ষোভে অংশ নিতে ডাক দেওয়া হয়েছে শেখ জামালের সমর্থক ও শুভানুধ্যায়ীদের। ততক্ষণে ক্লাবের অফিসে বসেই শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন চুন্নুর সঙ্গে কথা হচ্ছিল এই প্রতিবেদকের। সভাপতির পদত্যাগ মানতে পারছেন না তিনিও, ‘কাদের ভাই শেখ জামালকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কারও সঙ্গে আলোচনা না করে তাঁর এভাবে চলে যাওয়া মোটেও সমর্থনযোগ্য নয়।’
বাফুফের সঙ্গে কয়েক মাস ধরে নানা বিষয়ে শেখ জামাল ক্লাবের একটা অঘোষিত লড়াই চলে আসছে। সর্বশেষ শেখ জামালের নয়জন খেলোয়াড়কে বাফুফে অন্য দলে ভাগ-বাঁটোয়ারা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন কাদের। তাঁর সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দীর্ঘ বন্ধুত্বেও ফাটল ধরে এই সময়ে। এসবের জেরে শেষ পর্যন্ত কাদের সরে গেছেন বলে তাঁর ঘনিষ্ঠজনদের ধারণা।
যদিও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পদত্যাগপত্রে স্বাস্থ্যগত কারণ দেখিয়েছেন কাদের। তবে আসল কারণ যে এটা নয়, চুন্নুও তা পরিষ্কার করে দিলেন, ‘উনি স্বাস্থ্যগত কারণ দেখালেও আমার সঙ্গে তাঁর কথা হয়েছে। বলেছেন, ফুটবলের নোংরা রাজনীতির মধ্যে থাকতে চান না। তাই সরে গেলেন।’
অথচ সাবেক ধানমন্ডি ক্লাবে যোগ দিয়ে ক্লাবটিকে দিয়েছেন নতুন রূপ। ২০১০ সালে নতুন করে যাত্রা শুরুর পর ঘরোয়া ফুটবলে দলটি জিতেছে তিনটি প্রিমিয়ার লিগ। দেশের বাইরে থেকেও এসেছে সাফল্য। কদিন পরই দলটির এএফসি কাপে খেলার কথা। কিন্তু সভাপতির হঠাৎ পদত্যাগে ক্লাবের চলার পথে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বৈকি।