ফেডারেশন কাপের সেমিফাইনাল পর্ব আজ শুরু। প্রথম দিনে চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির সামনে শেখ রাসেল ক্রীড়াচক্র। আগামীকাল মোহামেডান-মুক্তিযোদ্ধা মুখোমুখি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুটি ম্যাচই শুরু বিকেল সোয়া পাঁচটায়।
সেমিফাইনালের চার দলকে নিয়ে কাল সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল বাফুফে ভবনে। এই অনুষ্ঠানে সব দলই জয়ের আশাবাদ রেখেছে। জমাট সেমিফাইনালের প্রতিশ্রুতি দিয়েছেন কোচ-অধিনায়কেরা।
শেখ জামাল কাগজে-কলমে সেরা দল, কিন্তু কোয়ার্টার ফাইনালে তারা প্রায় আটকেই যাচ্ছিল। শেষ পর্যন্ত সাডেন ডেথে জয়। কোচ মারুফুল হকের চোখে তাঁর খেলোয়াড়েরা ক্লান্ত, ‘আমাদের বেশির ভাগ খেলোয়াড় জাতীয় দলে ও অনূর্ধ্ব-২৩ দলে খেলে। ৬-৭ জন টানা খেলে এসেছে। ক্লান্তির বড় কারণ এটা। এ সমস্যাটা আমাদের ভোগাতে পারে।’
শেখ রাসেলের অন্যতম দুই খেলোয়াড় হেমন্ত ও জাহিদ চোটের কারণে খেলছেন না সেমিফাইনালেও। তবু আত্মবিশ্বাসী কোচ দ্রাগান দুকানোভিচ, ‘শেখ জামাল অবশ্যই খুব ভালো দল। তবে আমরা খুব ভালো খেলছি। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’