
খেলোয়াড়দের কেউ একজন ডাগ-আউট থেকে নিয়ে এলেন ভ্যানিশিং স্প্রে। কোচ যোসেফ আপুসির শরীরে দিলেন ছিটিয়ে। শুভ্র ফেিনল বুদ্বুদ মিনিট খানেক পরই মিলিয়ে গেল চ্যাম্পিয়ন কোচের মাথা থেকে। ভিআইপি বক্স থেকে নেমে আসা ক্লাব সভাপতি মনজুর কাদেরকে কয়েকজন ফুটবলার কাঁধে তুলে নিলেন। একটু পর অধিনায়ক মামুনুলের হাতে লিগ শিরোপা তুলে দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ইয়াসিন, সোহেল রানাদের হাতে পুড়তে দেখা গেল ছোট্ট আতশবাজির ফোয়ারা। কয়েক মিনিটেই শেষ হলো চ্যাম্পিয়নের আনুষ্ঠানিকতা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন শেখ জামাল। মৌসুমের শুরুতে ভুটানে কিংস কাপ জয়ের পর ফেডারেশন কাপও জয়—শেখ জামাল সাফল্যের আলোয় ভাসছে।
তবে উদ্যাপনটা হয়ে রইল সাদামাটাই। বাড়তি কোনো আয়োজন নেই। কনফেত্তি উড়ল না। বাদ্যিও বাজল না। ছিল না সমর্থকদের গগনবিদারী উল্লাস। অনেকটা নীরবেই ট্রফিটা নিয়ে গেল ক্লাবে।
কাল জিতলেই চ্যাম্পিয়ন—এমন সমীকরণ সামনে রেখে খেলতে নেমেছিল শেখ জামাল। কিন্তু আক্রমণের পসরা সাজিয়ে ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলেছে মোহামেডান। ফরোয়ার্ড জুয়েল রানা ও ইসমাইল বাঙ্গুরার আক্রমণে দিশেহারা তখন শেখ জামাল। তাতে কী, অনেকটা ধারার বিপরীতেই প্রথমে এগিয়ে যায় যোসেফ আপুসির দল।
৩৩ মিনিটে মামুনুলের কর্নারে শূন্যে লাফিয়ে ওঠা ডার্লিংটনের মাথা ছুঁয়ে বল জালে। দ্রুতই খেলায় ফিরেছে মোহামেডান। ৩৯ মিনিটে বাঙ্গুরা ক্রস থেকে জুয়েল রানার প্লেসিংয়ে ১-১। আরও আক্রমণাত্মক মোহামেডান ৪৫ মিনিটে করল ২-১, অরূপ বৈদ্যর ক্রসে ইসমাইল বাঙ্গুরার হেডে লক্ষ্যভেদ। মোহামেডান গ্যালারির হাজার খানেক দর্শক তখন আনন্দে উড়ছে।
দ্বিতীয়ার্ধে ভোজবাজির মতো পাল্টে গেল দৃশ্যপট। ডান প্রান্ত দিয়ে ডার্লিংটনের ক্রসে ওয়েডসনের হেড জালে, ২-২। ভিআইপি বক্সে বসা ক্লাব সভাপতিকে স্যালুট জানিয়ে অভিনবভাবে গোলটা উদ্যাপন করলেন হাইতিয়ান স্ট্রাইকার। ৭৫ মিনিটে মানবদেয়ালের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে ফ্রি-কিক থেকে সরাসরি বল জালে পাঠালেন ল্যান্ডিং। জয়সূচক গোল!
যোগ হওয়া সময়ে জুয়েল রানা সহজ সুযোগ হারালেন। মোহামেডান আর ৩-৩ করতে পারল না। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য আনন্দে আত্মহারা শেখ জামালের খেলোয়াড়–কোচ–কর্মকর্তারা।
রোল অব অনার
| মৌসুম | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
| ২০০৬-০৭ | আবাহনী | মোহামেডান |
| ২০০৮ | আবাহনী | মোহামেডান |
| ২০০৯ | আবাহনী | মোহামেডান |
| ২০১০ | শেখ জামাল | মুক্তিযোদ্ধা |
| ২০১১-১২ | আবাহনী | মুক্তিযোদ্ধা |
| ২০১২-১৩ | শেখ রাসেল | শেখ জামাল |
| ২০১৩-১৪ | শেখ জামাল | আবাহনী |
| ২০১৪-১৫ | শেখ জামাল | —— |
পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচ
| খেলা | জয় | ড্র | হার | গোল | পয়েন্ট | |
| শেখ জামাল | ১৮ | ১৪ | ৩ | ১ | ৫৬/২০ | ৪৫ |
| মোহামেডান | ১৮ | ১০ | ৪ | ৪ | ৩৭/১৭ | ৩৪ |
| শেখ রাসেল | ১৬ | ১০ | ২ | ৪ | ৩০/২২ | ৩২ |
| আবাহনী | ১৭ | ৯ | ৪ | ৪ | ২৮/১১ | ৩১ |
| ব্রাদার্স | ১৭ | ৮ | ৫ | ৪ | ২৬/২০ | ২৯ |