শেখ জামালকে ছাড়াই অনূর্ধ্ব-১৮ ফুটবল
পেশাদার লিগের দলগুলোকে নিয়ে গত বছর বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু প্রথমবার অনূর্ধ্ব-১৬ ফুটবলে অংশ নেয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরে তাদের সুপারিশেই অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে বাফুফে। যাদের সুপারিশে বয়স বাড়িয়ে এবার এই টুর্নামেন্টের আয়োজন, তারাই কি না শেষ পর্যন্ত এতে অংশ নিল না।
শেখ জামাল ধানমন্ডিকে বাইরে রেখেই অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি চূড়ান্ত করেছে বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে শেখ রাসেল, বিজেএমসি, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম আবাহনী। ‘বি’ গ্রুপে আবাহনী, মোহামেডান, ফেনী সকার ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা। দুই গ্রুপের সেরা চার দলকে নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ৩০ সেপ্টেম্বর।
শেখ জামালের মতো বড় ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না বলে খুব হতাশ পেশাদার লিগ কমিটির কো-চেয়ারম্যান আবদুর রহিম, ‘প্রতিষ্ঠিত ক্লাবগুলোর কাছ থেকে আমরা সব সময়ই ভালো কিছু আশা করি। তাদের এমন সিদ্ধান্তের জন্য আমরা তৈরি ছিলাম না।’ লিগের বাইলজে স্পষ্ট উল্লেখ আছে, কোনো ক্লাব খেলতে না চাইলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে কেমন শাস্তি দেওয়া হবে সে বিষয়ে পরিষ্কার কিছু বলা নেই। যদিও শেখ জামালের কঠিন শাস্তি হবে বলেই আভাস দিলেন, ‘আমরা লিগ কমিটির পরের সভায় এ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করব যাতে ভবিষ্যতে অন্য কোনো দল এমন কাজ করতে না পারে।’ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রতিটি দলকে দেওয়া হচ্ছে ৩ লাখ করে টাকা। অঙ্কটা কম, এটাই শেখ জামালের অনাগ্রহের কারণ বলে জানালেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।