শেখ জামালকে জিততে দিল না আরামবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমতাসূচক গোলের পর আরামবাগের আবদুল্লাহ।  ছবি: সৌরভ দাশ
সমতাসূচক গোলের পর আরামবাগের আবদুল্লাহ। ছবি: সৌরভ দাশ

চোখে টানা তৃতীয় শিরোপার স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের পথে ড্র নিয়ে যাত্রা শুরু করল শেখ জামাল ধানমন্ডি। আজ নবম প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম ম্যাচে গত দুইবারের চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে আরামবাগ (১-১)।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে এমেকা ডার্লিংটন এগিয়ে নেন শেখ জামালকে। গোল শোধের জন্য দ্বিতীয়ার্ধে প্রায় একতরফা খেলল আরামবাগ। শেখ জামালকে চেপে ধরে আবদুল্লাহর গোলে সমতায়ও ফেরে তারা। যোগ করা সময়ে দারুল প্লেসিং শটে গোলটি করেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া এই ফরোয়ার্ড। কদিন আগেই ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে এই শেখ জামালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেই ম্যাচে ফিরেছিল আরামবাগ, শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে নিয়েছিল ম্যাচটা। ছন্দটা ধরে রেখে টুর্নামেন্টে রানার্সআপও হয়েছিল মতিঝিল ক্লাব পাড়ার দলটি।
আরামবাগের এই লড়াকু মানসিকতাই ম্যাচটা জমিয়ে দিয়েছে দ্বিতীয়ার্ধে। শেখ জামালের গোলমুখে আরামবাগের একের পর আক্রমণ উপভোগ্যই ছিল। এই ফাঁকেই স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে লাল কার্ড দেখেছেন দুই দলের দুজন। শেখ জামালের একমাত্র গোলদাতা এমেকা কনুইয়ের গুঁতো মারেন আরামবাগের ইসাকে। রেফারি জালাল উদ্দিন মার্চিং অর্ডার দেন দুজনকেই।
উত্তেজনা ছাড়ানো এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো ঢাকার বাইরে উদ্বোধন হলো দেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ এই আসর। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম দিন হিসেবে দর্শক সমাগম খুব একটা খারাপ হয়নি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক বাড়বে বলেই মনে হচ্ছে।