শেখ জামালকে রুখবে কে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল উদ্‌যাপনে নাচ! হ্যাটট্রিকের আনন্দে দুই সতীর্থ এমেকা (বাঁয়ে) ও ওয়েডসনের সঙ্গে শেখ জামাল ফরোয়ার্ড ল্যান্ডিং (মাঝে) l প্রথম আলো
গোল উদ্‌যাপনে নাচ! হ্যাটট্রিকের আনন্দে দুই সতীর্থ এমেকা (বাঁয়ে) ও ওয়েডসনের সঙ্গে শেখ জামাল ফরোয়ার্ড ল্যান্ডিং (মাঝে) l প্রথম আলো

শেখ জামাল ধানমন্ডির সামনে দাঁড়াতেই পারছে না কোনো দল। একের পর এক ম্যাচ পকেটে পুরে দলটি এগিয়ে চলেছে বীরদর্পে।
গত ম্যাচে শেখ রাসেলকে ৪-৩ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছিল। আনুষ্ঠানিকতা সারতে বাকি চার ম্যাচ থেকে চাই দুটি জয়। যার প্রথমটি এসে গেছে গতকালই। বঙ্গবন্ধু স্টেডিয়ামের বৃষ্টিভেজা কাদা মাঠে ব্রাদার্স অসহায় আত্মসমর্পণ করেছে জোসেফ আপুসির দলের কাছে। বৃহস্পতিবার মোহামেডানের সঙ্গে জিতলেই আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হলুদ জার্সিধারীরা।
এবার লিগের উত্তেজনায় বেশ আগেই জল ঢেলে দিয়েছে শেখ জামাল। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তারা প্রতিদ্বন্দ্বীদের দেখছে অনেকটা পেছনে। ১৬ ম্যাচে আবাহনী ও মোহামেডানের পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলে শেখ রাসেলের ২৯। এই দলগুলোর পক্ষে চ্যাম্পিয়ন হওয়ার বাস্তব কোনো সম্ভাবনা আর নেই।
শেখ জামাল নিজেদের সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেল শেষ পাঁচ ম্যাচে টানা জয় তুলে। মাঠে নামছে আর হেসেখেলে গোল উৎসব করছে। শেষ সাত ম্যাচে ৩৫ গোল-সংখ্যাটা জানাচ্ছে কতটা আক্রমণাত্মক মেজাজে এখন শেখ জামাল ।
কাল হ্যাটট্রিক করেছেন ল্যান্ডিং। ১৫, ৪৫, ৫৬ মিনিটে এল তাঁর তিন গোল। ১৮ ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাকি দুটি গোল এমেকা ডার্লিংটনের। ৩২ মিনিটে ব্রাদার্সের অগাস্টিন ২-১ করেন। তবে সময়ের সঙ্গে শেখ জামাল এত সহজে ম্যাচটা জিতে নিল যে, অগাস্টিন চেয়ে চেয়েই শুধু দেখলেন। এই শেখ জামালকে রুখবে কে!
রহমতগঞ্জের উৎসব
মুক্তিযোদ্ধাকে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে হারিয়ে কাল যেন ‘ঈদ আনন্দ’ উদ্যাপন করল রহমতগঞ্জ। এই তিনটি পয়েন্ট পাওয়ায় পুরোনো ঢাকার দলটি অনেকটাই অবনমন দুশ্চিন্তামুক্ত হয়েছে কাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাদা মাঠে জয় পাওয়ার পর তাই রহমতগঞ্জের বাঁধভাঙা উল্লাস!
গ্যালারিতে বসে এলাকার কিছু সমর্থকও এতই উচ্ছ্বসিত ছিলেন, হঠাৎ দেখে কেউ হয়তো মনে করতে পারতেন দলটি বুঝি চ্যাম্পিয়ন হয়ে গেছে! অবনমন অঞ্চলে থাকা দলগুলোর মধ্যে রহমতগঞ্জের অবস্থা এখন বেশ ভালো। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। ১৫ ম্যাচে বিজেএমসির ১২, চট্টগ্রাম আবাহনীর ১০, ফরাশগঞ্জের ৫।
কিন্তু মুক্তিযোদ্ধার হলোটা কী? দ্বিতীয় পর্বে সাত ম্যাচে খেলে জয় নেই, প্রাপ্তি বলতে তিনটি ড্র! কোচ আবু ইউসুফ কয়েক ম্যাচ ধরে যা বলে আসছিলেন, কালও বললেন একই কথা,‘ খেলার প্রতি মনোযোগ নেই। সবাই হাল ছেড়ে দিয়েছে, ফল তো এমন হবেই।’
ছন্নছাড়া এই দলকে কাল রহমতগঞ্জ হারিয়েছে উজ্জীবিত ফুটবল খেলে। ৩১ মিনিটে আবসারের গোলে এগিয়ে যাওয়া। ৬২ মিনিটে মুক্তিযোদ্ধার কামারা ১-১ করলেন। ৬৭ ও ৮৬ মিনিটে গিডেন সলোমনের জোড়া গোলে ৩-১। পেনাল্টিতে মুক্তিযোদ্ধার অধিনায়ক ৩-২ করলেও হার এড়াতে পারেননি।