শেখ জামালে এবার সুইডিশ কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিফান হ্যানসন
স্টিফান হ্যানসন

কোচ আসা-যাওয়ার খেলায় এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নতুন কোচ স্টিফান হ্যানসন। গত রাতেই ঢাকায় এসেছেন এই সুইডিশ কোচ। পাঁচ বছর আগে নতুন রূপে আত্মপ্রকাশের পর এ পর্যন্ত শেখ জামালে বিদেশি কোচ হিসেবে কাজ করেছেন সার্বিয়ার কার্লেভিচ, শ্রীলঙ্কার পাকির আলী, নাইজেরিয়ার জোসেফ আপুসি। স্থানীয় কোচ ছিলেন আবু ইউসুফ, সাইফুল বারী, মারুফুল হক ও শফিকুল ইসলাম মানিক।
আগামীকালই শেখ জামালের দাযিত্ব নেওয়ার কথা ৫৮ বছর বয়সী হ্যানসনের। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে শেখ জামালের বড় ম্যাচটি গ্যালারিতে বসে দেখবেন।
উয়েফা প্রো-সনদধারী হ্যানসন সর্বশেষ এ বছর কোচ হিসেবে কাজ করেছেন ইন্দোনেশিয়ার পাসেলা লেমেনগন ক্লাবে। গত বছর তাঁর ঠিকানা ছিল মিয়ানমারের একটি ক্লাব। কোচিং শুরু করেন ১৯৮২ সালে। দীর্ঘ এই সময়ে বিভিন্ন ক্লাবে হয়ে জিতেছেন ১১টি লিগ শিরোপা এবং একটি টুর্নামেন্ট।
সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, মিয়ানমার, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশে কাজ করার অভিজ্ঞতা আছে। ২০১২-১৪ মিয়ানমার অনূর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন। ফুটবল খেলেছেন সুইডেন, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে।
এবার লিগ শুরুর আগে মানিককে বিদায় দিয়ে পুরোনো কোচ জোসেফ আপুসিকে আনতে চেয়েছিল শেখ জামাল। কিন্তু এএফসিতে জাল কোচিং সনদ জমা দিয়ে এক বছরের নিষিদ্ধ হয়ে আছেন আপুসি। তাঁর কারণে শেখ জামালও বিপাকে আছে এএফসিতে। তাই শেষ পর্যন্ত আপুসি-ভালোবাসা বিসর্জন দিয়ে অভিজ্ঞ এই কোচের হাতেই দলের দায়িত্ব ছাড়ছেন শেখ জামালের কর্তারা। ক্লাবের ফুটবল কমিটির প্রধান আশরাফউদ্দিন চুন্নুর আশা, ‘স্টিফানকে আপাতত লিগের জন্য আনা। তবে ভালো করলে লম্বা সময়ের জন্যই তাঁকে বিবেচনা করা হবে।’