শেখ জামালে চুন্নু-আসলামরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে আরও ভালো ফল কীভাবে করা যায়, টিম ম্যানেজমেন্টকে সেই পরামর্শ দিতে সাবেক ফুটবলারদের নিয়ে টেকনিক্যাল কমিটি গঠন করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনীর সাবেক তারকা আশরাফউদ্দিন আহমেদ চুন্নুকে চেয়ারম্যান করে গঠিত এ কমিটির কো-চেয়ারম্যান আবদুল গাফফার। সদস্য হিসেবে আছেন সত্তর দশকে মাঠ কাঁপানো শামসুল আলম মঞ্জু, শেখ আশরাফ আলী, পরবর্তী সময়ে আবাহনীর জার্সি গায়ে সাড়া জাগানো স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম।
গতকালই ক্লাব ভবনে পরিচয়পর্ব সেরে এ কমিটি কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী মঞ্জু চার মাস ধরে ঢাকায় অবস্থান করছেন এবং আগামী দুই মাসও থাকবেন। শেখ জামালের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে বললেন, ‘শেখ জামালের সঙ্গে একই ক্লাসে পড়েছি, আমরা বন্ধু ছিলাম। তার নামের প্রতিষ্ঠিত ক্লাবে কাজ করতে নিয়ে এল শেখ জামালের সভাপতি মনজুর কাদের। কাদের এসব ব্যাপারে নাছোড়বান্দা। ঢাকায় যখন আছি, তাই আর না করতে পারিনি।’
কমিটির প্রধান চুন্নু জানালেন, এই কমিটি ক্লাব ও দলের মধ্যে সমন্বয়ের কাজটা করবে। তাঁর কথা, ‘মাঠে দলটা যেন ভালো পারফর্ম করতে পারে, সেই পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই আসলে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।’
নতুন রূপে ঢাকার শীর্ষ লিগে আবির্ভাবের পর এই প্রথম সাবেক খেলোয়াড়দের নিয়ে এমন উদ্যোগ নিল শেখ জামাল। এর আগে আবাহনী, মোহামেডানেও টেকনিক্যাল কমিটি করা হতো। কিন্তু সাম্প্রতিক বছরে সে পথে আর হাঁটছে না এই দুটি দর্শকপ্রিয় দল।