শেখ জামালে ধারে জুয়েল রানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানের তরুণ ফরোয়ার্ড জুয়েল রানাকে এবার ধারে নিতে চাইছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগস্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল কিরগিজস্তানে খেলবে এএফসি কাপের বাছাইপর্বে। সেখানে জুয়েল রানা ছাড়াও মোহামেডান গোলরক্ষক আশরাফুল হক রানাকেও নেওয়ার জন্য মোহামেডান ক্লাবকে চিঠি দিয়েছে শেখ জামাল। ‘বি’ গ্রুপে শেখ জামাল প্রথম ম্যাচ খেলবে ১৩ আগস্ট, প্রতিপক্ষ বেনফিকা ডি ম্যাকাও। ১৫ আগস্ট মুখোমুখি হবে কিরগিজ ক্লাব এফসি আলগার। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠাই শেখ জামালের লক্ষ্য। এ জন্য নাইজেরিয়া জাতীয় দলের স্ট্রাইকার আবদুল্লাহ মুসা ও মিডফিল্ডার জনসনকে দলে নিয়েছে। ক্লাব সূত্র জানিয়েছে, এএফসি কাপে খেলার জন্য জনসন কালই ঢাকায় পৌঁছালেও মুসা আসবেন দু-এক দিন পর।