শেখ জামালে সেই রিয়াসাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের ট্রায়াল দিতে এসে বিফল মনেই ফিরে গিয়েছিলেন। তবে জাতীয় দল না হোক, লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির জার্সিতে দেখা যেতে পারে রিয়াসাত ইসলামকে। এএফসি কাপের জন্য জমা দেওয়া শেখ জামালের খেলোয়াড় তালিকায় আছে এই জার্মানিপ্রবাসী মিডফিল্ডারের নাম।

শুধু তা-ই নয়, আরেকজন প্রবাসী ফুটবলারকেও নিয়েছে ঢাকার বড় দলটি। সুইডেনপ্রবাসী মিডফিল্ডার নূর রহমান এরই মধ্যে যোগ দিয়েছেন শেখ জামালে। দুই প্রবাসীর সঙ্গে ভারতীয় ফরোয়ার্ড প্রতীক প্রকাশ সিন্ধি নামের এক ফুটবলারের নামও বাফুফের মাধ্যমে এএফসির কাছে পাঠানো হয়েছে। প্রতীক যুক্তরাষ্ট্রের সকার লিগে খেলেন। এএফসি কাপে ‘এশিয়ান কোটায়’ তাঁকে খেলানো যাবে।  শুক্রবার তাঁর আসার কথা। রিয়াসাত আজ আর কোচ যোসেফ আপুসি ৩০ জানুয়ারি আসবেন বলে জানালেন শেখ জামালের ফুটবল কমিটির প্রধান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু।

শেখ জামালের পুরোনো তিন বিদেশি খেলোয়াড় এমেকা ডার্লিংটন, ওয়েডসন ও ল্যান্ডিংও থাকছেন নতুন মিশনে। দলটির সাম্প্রতিক সাফল্যের নায়ক আসলে এঁরাই। ঘরোয়া মৌসুমেও এই খেলোয়াড়েরা থাকছেন চ্যাম্পিয়ন দলে। প্রবাসী দুই ফুটবলারকে পছন্দ হলে তাঁদেরও ঘরোয়া মৌসুমের জন্যও নিবন্ধন করাবে শেখ জামাল।

এএফসি কাপের জন্য পুরোনো বিদেশিদের সঙ্গে স্থানীয় পুরোনো খেলোয়াড়দেরই দলে রাখা হয়েছে। শোনা যাচ্ছে, নতুন দলে নাম লেখাতে পারেন মামুনুল, নাসির উদ্দিন, ইয়ামিন, জামাল ভূঁইয়া, রায়হান, ইয়াসিন, সোহেল রানা, লিংকন, দিদার, কেষ্টরা। তবে এই খেলোয়াড়দের ছাড়া এএফসি কাপে আপাতত মাঠে নামা প্রায় অসম্ভবই শেখ জামালের জন্য। তাই ২৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রথম ম্যাচের জন্য দলটি মামুনুলদের নামই জমা দিয়েছে এএফসির কাছে।