শেখ জামালেই খেলতে হবে ৮ ফুটবলারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জামালেই খেলতে হবে মামুনুল-জামাল ভূঁইয়াদের। ফাইল ছবি
শেখ জামালেই খেলতে হবে মামুনুল-জামাল ভূঁইয়াদের। ফাইল ছবি

শেখ জামালেই খেলতে হবে মামুনুল ইসলামসহ ৮ ফুটবলারকে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যে আবেদন করেছিল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ সোমবার তা খারিজ করে দিয়েছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ এ আদেশ দেন। শেখ জামাল ক্লাবের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ইউসুফ হোসেন হ‌ুমায়ূন ও রুহুল কুদ্দুস কাজল। বাফুফের পক্ষে ছিলেন শেখ ফজলে নূর তাপস।
পরে রুহুল কুদ্দুস কাজল প্রথম আলোকে বলেন, ‘সর্বোচ্চ আদালতে হাইকোর্টের আদেশ বহাল থাকায় ওই আট ফুটবলারকে এখন শেখ জামালের পক্ষেই খেল​তে হবে।’
এর আগে শেখ জামাল ক্লাবের একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এই আট ফুটবলারকে শেখ জামাল ক্লাবের পক্ষে খেলার আদেশ দিয়েছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় বাফুফে। চেম্বার আদালত স্থগিতাদেশ না দিয়ে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আজ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখলেন।
আলোচিত এই আট ফুটবলার হলেন—মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না, সোহেল রানা, রায়হান হাসান, শহীদুল আলম সোহেল, জামাল ভূঁইয়া ও আলমগীর কবির রানা।
কিছুদিন আগে সমাপ্ত নতুন ফুটবল মৌসুমের দলবদলে এই আট ফুটবলারের মধ্যে মামুনুল, নাসির, ইয়ামিন মুন্না, সোহেল রানা ও রায়হান নাম লিখিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীতে। ঢাকা আবাহনীতে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শহীদুল, জামাল ভূঁইয়া ও আলমগীর রানা। পরে এই আটজনকে নিজেদের খেলোয়াড় দাবি করে আদালতের শরণাপন্ন হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।