শেখ জামালের ওপর এএফসির খড়্গ
সম্প্রতি এএফসি কাপের কর্মশালায় যোগ দেয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এএফসি কাপ খেলতেও ফিলিপাইনে সময়মতো যায়নি এবং এএফসিতে জমা দেওয়া আগের কোচ যোসেফ আপুসির কোচিং সনদ ছিল জাল। এই তিন কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কঠোর শাস্তি দিতে পারে শেখ জামালকে।
বাফুফের মাধ্যমে এএফসি বলেছে, কর্মশালায় না যাওয়ায় ভবিষ্যতে এএফসির টুর্নামেন্টে শেখ জামালকে নিষিদ্ধ অথবা নিচের স্তরে নামিয়ে দেওয়া হতে পারে। পয়েন্ট কেটে নেওয়ারও হুমকি আছে। পয়েন্ট কর্তন শুধু এএফসি কাপ নয়, ঘরোয়া লিগেও হতে পারে। জরিমানাসহ ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ‘ট্রান্সফার ব্যান’ (দলবদল নিষিদ্ধ) করার খড়্গও ঝুলছে। দ্রুতই আন্তর্জাতিক ফুটবলে সাড়া ফেলা শেখ জামাল নিজেদের গা-ছাড়া কাজকর্মের কারণে এখন বড় ঝুঁকির মধ্যে পড়ে গেছে।
গত ১০-১২ ডিসেম্বর মালয়েশিয়ায় এএফসি কাপের কর্মশালায় দলটি যোগ না দেওয়ায় শেখ জামালকে ১০ হাজার ডলার জরিমানা করে এএফসি। ৩০ এপ্রিল ছিল শেষ সময়সীমা, এর মধ্যে দেওয়া হয়নি বলে জরিমানা করা হয় আরও ৩ হাজার ডলার। শেখ জামাল পরিশোধ করেনি।
এ ছাড়া ফিলিপাইনে এএফসি কাপের ম্যাচ খেলতে দুই দিন আগে ভেন্যুতে যাওয়ার বাধ্যবাধকতা থাকলেও শেখ জামাল গেছে এক দিন আগে। তাই ম্যানেজার্স মিটিং হয়েছে ১০ মে ম্যাচের আগের দিন রাতে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন হয়েছে ম্যাচের দিন সকালে! এ জন্য ৫ হাজার ডলার জরিমানা করে এএফসি। এই টাকাও শেখ জামাল দেয়নি।
বিদায়ী কোচ যোসেফ আপুসিকে নিয়ে হয়েছে আরেক সমস্যা। এএফসি কাপ খেলতে গত দুবারের ঘরোয়া লিগ চ্যাম্পিয়নরা তাদের এই নাইজেরিয়ান কোচের কোচিং সনদ জমা দিয়েছে এএফসির কাছে, তদন্তে তা জাল প্রমাণিত হয়েছে। আপুসিকে তাই ৩ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। সেই টাকা তিনি এএফসিকে দেননি। শেখ জামালের মাধ্যমে আপুসি পরে আবারও নাকি একই সনদ জমা দেন।
শেষ পর্যন্ত আপুসিকে ২২ অক্টোবর ২০১৫ থেকে ২১ অক্টোবর ২০১৬ পর্যন্ত সব স্তরের ফুটবলেই নিষিদ্ধ করেছে এএফসি। বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে ফিফা তাঁকে বিশ্বব্যাপীই নিষিদ্ধ করে। অথচ এই আপুসিকেই কোচ করতে শফিকুল ইসলাম মানিককে লিগ শুরুর আগের দিন বিদায় দেয় শেখ জামাল ক্লাব। কিন্তু নিষেধাজ্ঞার কারণে আপুসি শেখ জামালের দায়িত্ব নিতে পারছেন না।
এসব ব্যাপারে যোগাযোগ করা হলে শেখ জামালের সাধারণ সম্পাদক এস এইচ খান নাহিদ বললেন, ‘আমি নতুন এসেছি। তাই সব বলতে পারব না। এসব বিষয় ফেডারেশন হ্যান্ডেল করছে।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের ভাষ্য, ‘এএফসি যখন যা বলেছে, সঙ্গে সঙ্গেই আমরা সব জানিয়েছি শেখ জামালকে। কাজেই দায়দায়িত্ব তাদেরই।’