শুক্রবার ছুটির দিনেও বাফুফে ভবনে শীর্ষ কর্মকর্তারা এলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চরমপত্র নিয়ে জরুরি আলোচনা করতে। আলোচনায় শেখ জামালের জন্য অবশ্য ‘সুখবর’ নেই।
মামুনুল ইসলামসহ নয় খেলোয়াড়কে ফিরিয়ে দিতে বাফুফেকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল শেখ জামাল। এটি বাফুফের কাছে গুরুত্বই পায়নি। জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর ভাষায়, ‘দলবদলের ফরমে খেলোয়াড় যে ক্লাবের পক্ষে সই করবে, সে ওই ক্লাবেরই খেলোয়াড়। এটাই নিয়ম। কাজেই শেখ জামালের দাবির কোনো গুরুত্ব নেই।’
নয় খেলোয়াড়কে ১৯ জানুয়ারি বিভিন্ন ক্লাবে অনৈতিকভাবে ভাগ-বাঁটোয়ারা করে দিয়েছে বাফুফে এমন অভিযোগও তোলে শেখ জামাল। তা ছাড়া ওই খেলোয়াড়দের ‘ফিরিয়ে’ দেওয়ার প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন বাফুফের শীর্ষ কর্মকর্তারা। কিন্তু সেটা না হওয়ায় ক্ষুব্ধ শেখ জামাল সভাপতি মনজুর কাদের সংবাদ সম্মেলন ডেকে বলেন, ‘ওই খেলোয়াড়দের লুট করা হয়েছে ফেডারেশনের সহায়তায়।’
ফেডারেশনের হয়ে সালাম মুর্শেদী আগেই বলেছিলেন দলবদলের ফরম ছাড়ার দিন ২০ জানুয়ারি পর্যন্ত খেলোয়াড়েরা পুরোনো ক্লাবেরই। ১৯ জানুয়ারি তাহলে খেলোয়াড়েরা বাফুফে থেকে কীভাবে অন্য ক্লাবে গেলেন, সেটাও বড় এক প্রশ্ন শেখ জামালের।
বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ অবশ্য কাল সংবাদ ব্রিফিংয়ে প্রশ্নটা উড়িয়েই দিলেন, ‘১৯ তারিখ খেলোয়াড়দের নিরাপত্তা দিয়ে ফুটবল ভবনের ফটক পর্যন্ত এগিয়ে দিয়েছিল ফেডারেশন। সেটা ছিল ফেডারেশনের দায়িত্বও। এরপর খেলোয়াড় কোথায় যাবে, কোন দলে খেলবে, সেই সিদ্ধান্ত একান্তই তার নিজস্ব। এটা খেলোয়াড়ের মানবাধিকার। এখানে ফেডারেশন কোনো ক্লাবকে খেলোয়াড় ভাগ করে দেয়নি।’
খেলোয়াড় না ছাড়লে এএফসি কাপে শেখ জামাল খেলবে না বলে হুমকি দিয়েছে। এমনকি ঘরোয়া ফুটবলে খেলবে কি না, সেটাও নাকি ভেবে দেখবে। বাফুফের সিদ্ধান্তের পর এখন কী করবে দলটি, তা জানতে মনজুর কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে শেখ জামালের এক কর্মকর্তা বললেন, ‘কাদের ভাই মনে হয় একটু চুপ থাকতে চান।’ যদিও নাবিল সরাসরিই বলে দিয়েছেন, ‘না খেলার স্বাধীনতা আছে ক্লাবের। কিন্তু ফেডারেশন চলবে আইন মেনে।’
তবে শেখ জামালের জন্য একটা রাস্তা খোলা রাখতে চায় ফেডারেশন। আন্তর্জাতিক ম্যাচ খেলতে এর আগে বাংলাদেশের দলগুলো ধারে খেলোয়াড় নিতে পেরেছে। সালাম তা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘শেখ জামাল ধারে কোনো খেলোয়াড় চাইলে দেশের কথা ভেবে ফেডারেশন সে ব্যাপারে সহায়তা দেওয়ার চেষ্টা করবে।’
একজন খেলোয়াড় মৌসুম শেষে ঠিক কখন ‘উন্মুক্ত’ হবেন? এসেছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটিও। বাফুফের কর্মকর্তারা এটা নিয়ে নানা রকম বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণেই এই ভজকট পরিস্থিতির সৃষ্টি। বাফুফেতে অপেশাদারি রয়ে গেছেন অনেক, স্বীকার করে লিগ কমিটির আগামী সভায় বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন সালাম।