শেখ জামালের বাধা ঠান্ডা ও উচ্চতা
গত ফেব্রুয়ারিতে কলকাতা মাতিয়ে এসেছিল শেখ জামাল ধানমন্ডি। আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলেও শেষ পর্যন্ত রানার্সআপ। সেই হতাশা ভুলে এবার ভুটানের কিংস কাপের শিরোপা নিয়েই ফিরতে চায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আজই কিংস কাপের উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচে শেখ জামালের সামনে ভুটানের দ্রুক ইউনাইটেড। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল চারটায়।
শেখ জামাল কোচ মারুফুল হক চান গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠতে। তবে থিম্পুতে এখন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। এমন শীতের মধ্যে খেলতে অভ্যস্ত নন বাংলাদেশের খেলোয়াড়েরা। একই সঙ্গে স্টেডিয়ামও ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। এটা মারুফুলের কাছে চিন্তার বিষয়ই, ‘আমাদের সবচেয়ে বড় ভয় এখানকার ঠান্ডা আবহাওয়া ও উচ্চতা। তার পরও এই দুটি বাধা জয় করে আমরা এগিয়ে যেতে চাই।’
দ্রুক ইউনাইটেডও চাইছে জয়। দলটির অধিনায়ক করুন গুরং চোখ রাখছেন অনেক দূরে, ‘আমরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাই। মাঠে যেকোনো কিছুই ঘটতে পারে। আশা করছি, শেখ জামালকে হারিয়ে ভালোভাবে টুর্নামেন্ট শুরু করতে পারব আমরা।’