শেখ জামালের রোমাঞ্চকর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরলাইন বলছে দুই দলই ঝাঁপিয়েছে গোলের জন্য। একের পর এক গোল ম্যাচটাকে করে তুলেছিল প্রাণবন্ত। গোল হলো মোট ৮টি, যার ৫টিই শেখ জামালের। মোহনবাগান করেছে ৩ গোল, তবে মর্যাদার লড়াইয়ে হার এড়াতে পারেনি কলকাতার পরাশক্তি।
দুই বাংলার সেরা দুই দলের লড়াইয়ে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ভুটানের কিংস কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ভুটানের ড্রুক ইউনাইটেডের বিপক্ষে ৩-০ জয় দিয়ে শুরু, দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের নাকন রাতচাসিমার সঙ্গে ০-০ ড্র। কাল তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে বড় একটা লক্ষ্যও পূরণ করল শেখ জামাল, যে করেই হোক হারাতে চেয়েছে তারা মোহনবাগানকে।
এই মোহনবাগানের সঙ্গে গত ফেব্রুয়ারিতে কলকাতার আইএফএ শিল্ডে এসেছিল ১-০ গোলে জয়। শেখ জামালকে ওই স্মরণীয় জয় এনে দেন হাইতিয়ান প্লে-মেকার সনি নর্দে, অসাধারণ এক ফ্রি-কিকে করা তাঁর জয়সূচক গোল সেদিন যুবভারতীয় ক্রীড়াঙ্গনে চোখ ধাঁধিয়ে দিয়েছিল সবার। সেই নর্দে এখন মোহনবাগানে।
এই ম্যাচের আগে বলেছিলেন, শেখ জামালের সঙ্গে গোল করলেও উদ্যাপন করবেন না, পুরোনো দলের প্রতি এভাবেই সম্মান দেখাবেন। বলা হচ্ছিল, এটি নর্দে বনাম শেখ জামাল ম্যাচ। তবে সেই লড়াইটা মঞ্চস্থ হলো না শেষ পর্যন্ত। এই টুর্নামেন্টে সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত ছিল বলে নর্দেকে এদিন মাঠেই নামাননি মোহনবাগান কোচ।
নর্দে না খেললেও ছিলেন শেখ জামালে তাঁর দুই পুরোনো সতীর্থ এমেকা ও ওয়েডসন। এই তিনজন গত মৌসুমে শেখ জামালের আক্রমণের বড় অস্ত্র হয়ে কাঁপিয়েছেন প্রতিপক্ষকে। নর্দে বাংলাদেশ ছাড়লেও এমেকা ও ওয়েডসন শেখ জামালেই আছেন এবং কাল এমেকা করেছেন ২ গোল, দ্বিতীয়ার্ধে লালকার্ড দেখার আগে ওয়েডসন ১টি। বাকি ২ গোল গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিংয়ের।
শেখ জামাল ৩-০ করে ফেলেছিল, প্রথম গোল এমেকার। পরের দুটি গতবার ফেনী সকারে খেলা ল্যান্ডিংয়ের। ওয়েডসন চতুর্থ ও এমেকা করেন পঞ্চম গোল। মোহনবাগান ৩-১ করেছিল, তারপর ৪-১, ৪-২, ৫-২, ৫-৩।
আগামীকাল প্রথম সেমিফাইনালে শেখ জামালের সামনে নেপালের মানাং মার্সিয়াংদি। ৩০ নভেম্বর মোহনবাগানের প্রতিপক্ষ ভারতেরই পুনে এফসি।