শেখ জামালের সাফল্যের রহস্য
জন্ম ২০১০ সালে। ফুটবল ঐতিহ্য গড়তে যথেষ্ট সময় নয়। সমর্থক গোষ্ঠীও নেই। তাতে কী, এর মধ্যেই বাংলাদেশের ফুটবলে এখন উজ্জ্বল এক নাম শেখ জামাল ধানমন্ডি।
প্রিমিয়ার লিগে টানা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার কারণেই কথাটা বলা হচ্ছে না। পেশাদার লিগের প্রথম তিনটিসহ চারটি শিরোপা জিতে এর চেয়ে বড় কীর্তি গড়ে রেখেছে আবাহনী। কিন্তু মাঠের সাফল্যের সঙ্গে মাঠের বাইরের সাংগঠনিক শক্তি ও পেশাদারত্ব শেখ জামালের মতো আর কার আছে!
পরশু রুদ্ধশ্বাস ম্যাচে শেষ চার মিনিটে দুই গোল করে শেখ রাসেলকে হারিয়ে দিয়েছে শেখ জামাল। যা লিগ শিরোপা ধরে রাখাটাও প্রায় নিশ্চিত করে দিয়েছে। ১৬ ম্যাচে পয়েন্ট ৩৯। শেষ চার ম্যাচের দুটিতে জিতলেই চ্যাম্পিয়ন। এ মৌসুমে ফেডারেশন কাপ ও ভুটানের কিংস কাপ যোগ করলে স্মরণীয় এক মৌসুমই কাটছে শেখ জামালের।
এই সাফল্যের রেসিপি খুঁজতে গেলে প্রথমেই আসবে দুর্দান্ত এক দলের কথা। প্রতিটি বিভাগেই শেখ জামাল দলে নেয় সেরা ফুটবলার। বেঞ্চের শক্তিও অন্য দলগুলোর চেয়ে ভালো। ‘কারখানা ভালো হলে উৎপাদনও ভালো’ কথাটা খুব যায় শেখ জামালের সঙ্গে। মোহামেডান ও মুক্তিযোদ্ধার সাবেক কোচ শফিকুল ইসলাম মানিকও শেখ জামাল প্রসঙ্গে এটিই বলছেন সবার আগে, ‘সাফল্যের পূর্বশর্ত ভালো দল গড়া। শেখ জামাল পরিকল্পিতভাবে এই কাজটা করছে বলে সাফল্য পাচ্ছে।’
তবে এটিই সাফল্যের একমাত্র সূত্র নয়। শক্তিশালী অবকাঠামো, সক্রিয় টিম ম্যানেজমেন্টের কারণে খেলোয়াড়দের মধ্যে ভালো করার তাগিদও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রিমিয়ার লিগ দেখার অভিজ্ঞতায় সাবেক ফুটবলার ও কোচ হাসানুজ্জামান বাবলু বলছেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ জামাল ক্লাব একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। অন্য ক্লাবের চেয়ে তাদের সুযোগ-সুবিধাই সবচেয়ে বেশি।’
সেই সুযোগ-সুবিধার তালিকায় সবার আগে থাকছে মাঠ। শেখ জামালের দারুণ একটা মাঠ আছে। যদিও ওই মাঠ নিয়ে পরিবেশ আন্দোলন কর্মীদের অনেক আপত্তি আছে এবং এ নিয়ে বিতর্কও বন্ধ হয়নি। কিন্তু এটা সত্য যে দলটাকে অনেক এগিয়ে দিয়েছে আধুনিক মাঠ।
বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে একমাত্র শেখ জামালই পূর্ণাঙ্গ কোচিং স্টাফ নিয়োগ দিয়েছে। বিদেশি দূরের কথা, অনেক বড় দলে স্থানীয় ফিটনেস ট্রেনারই নেই। যেখানে কদিন আগেই শেখ জামাল ফিরিয়ে এনেছে আর্জেন্টাইন ট্রেনার আরিয়ের কোলম্যানকে। ক্লাব সভাপতি মনজুর কাদের একাই সব করেন। এদিকটা আলাদা করেই বলছেন শেখ জামালের সাবেক কোচ মারুফুল হক, ‘সভাপতি নিজেই সব দেখাশোনা করেন। এতে একটা ধারাবাহিকতা এসে গেছে ক্লাবে।’
আরেকটা ক্ষেত্রেও বাংলাদেশের ফুটবলে অনন্য শেখ জামাল। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সাফল্যের ক্ষুধাও আছে দলটির। মনজুর কাদের স্বপ্ন দেখেন, মাঠে একটা হারেই ‘জ্বলে ওঠেন’। এবারই যেমন লিগের প্রথম পর্বে আবাহনীর কাছে হার মানতে না পেরে কোচ মারুফকে বিদায়ই করে দিলেন। নিয়ে এলেন গতবারের কোচ জোসেফ আপুসিকে। ঘন ঘন কোচ বিদায় নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে ‘চ্যাম্পিয়ন হতেই হবে’—ক্লাব সভাপতির এই তীব্র আকাঙ্ক্ষারই ফল আজকের শেখ জামাল।
দল ভালো করলে তিনি পাঁচ-দশ লাখ টাকা বোনাস দিয়ে দিচ্ছেন। কখনো কখনো আরও বেশি। স্ট্রাইকার ওয়েডসন বা এমেকা ডার্লিংটনরা গোল না পেলে ডেকে নিয়ে ডলার ধরিয়ে দিয়ে বলেন, ‘যাও, গোল করো।’ মিডফিল্ডার মামুনুল ইসলাম তুলে আনছেন এই দিকটি, ‘শেখ জামাল তো সাফল্য পাবেই। কাদের ভাই খেলোয়াড়দের জন্য অনেক করছেন। খেলোয়াড়েরা তাঁর জন্যই সেরাটা ঢেলে দিচ্ছে মাঠে।’
এত সব ভালোর মধ্যে একটা ‘কাঁটা’-ও কিন্তু আছে। দেদার টাকা ছড়িয়ে সেরা খেলোয়াড়দের দলে টেনে সাফল্য হয়তো পাচ্ছে শেখ জামাল, কিন্তু দেশের ফুটবলে দীর্ঘমেয়াদি অবদান রাখার দায়িত্বটা এড়িয়েই যাচ্ছে। বাফুফের বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ না নেওয়াটা তো তারই প্রমাণ।