শেখ জামালের সাফল্য-রহস্য

তিনবার বিদেশে গিয়ে তিনবারই ফাইনালে খেলা এমনিতেই বড় সাফল্য। দুবার চ্যাম্পিয়ন হওয়া তো দুর্দান্ত ব্যাপার। শেখ জামাল ধানমন্ডি ক্লাব একের পর এক সাফল্যঝলক দিয়ে এগোচ্ছে সামনে।
শুরুটা ২০১১ সালে। দেশের বাইরে প্রথম পা রেখেই নেপালের পোখরা কাপ জয়। এরপর কলকাতার আইএফএ শিল্ডও দেখল বারুদে ঠাসা এক দলকে, দুর্দান্ত খেলেও যদিও দুভার্গ্যবশত ফিরতে হয় রানার্সআপ হয়ে। পরশু ভুটানের কিংস কাপে আর হতাশা নয়, দুরন্ত বেগে রেলগাড়িটা পৌঁছেছে কিংস কাপের স্টেশনে।
বাংলাদেশের জনপ্রিয়তম ক্লাব আবাহনী-মোহামেডান অতীতের ছায়া হয়ে গেছে। একটা মৌসুমে হয়তো একটু নড়েচড়ে বসে তারা, কিন্তু পরের মৌসুমেই আবার লক্কড়-ঝক্কড় গাড়ি। এখানেই শেখ জামাল এক্সপ্রেস, ঝলমলে বর্তমান। যার আলো ছড়িয়ে পড়ছে চারপাশে। আলোকিত শেখ জামাল, গর্বিত বাংলাদেশের ফুটবল।
ঘরোয়া ফুটবল মহলে কাল তাই দিনভরই আলোচনায় ছিল শেখ জামালের সাফল্য। জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারী বাফুফে ভবনে বলছিলেন, ‘শেখ জামাল ক্লাবকে এখন সবাই চেনে। এএফসিতে কোচিং কোর্স করতে গিয়ে সেটা ভালোভাবেই টের পেলাম। সবাই জিজ্ঞেস করল দলটা সম্পর্কে।’
করারই কথা। একটা দলের মাঠে ভালো করতে যেসব পূর্বশর্ত পূরণ করা প্রয়োজন, সব কটিই শেখ জামাল পূরণ করে নিষ্ঠার সঙ্গে। মাঠের বাইরেও দলটি আলাদা। বেশিরভাগ ক্লাবই যখন নতুন দল গড়ার সময়ে গভীর ঘুমে, শেখ জামাল সেই ফাঁকে নীরবে গুছিয়ে ফেলে ঘর।
যে খেলোয়াড়কে পছন্দ, কোনোরকম সময়ক্ষেপণ ছাড়াই তাঁকে দলে ভেড়ানোর সাহস শেখ জামালেরই সবচেয়ে বেশি। কদিন আগে যেমন ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া জাতীয় দলের হয়ে খেলতে এসেছিলেন, তাঁকে পছন্দ হওয়ার পরদিনই সই। গতবার ফেনী সকারে খেলা গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিংকে পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গেই দলে ভিড়িয়েছে। জামাল-ল্যান্ডিংরা কিংস কাপে মন কেড়েছেন টিম ম্যানেজমেন্টের। পছন্দের খেলোয়াড়কে বেছে নিতে পারার এই যে বিচক্ষণতা, শেখ জামাল ছাড়া আর কোনো দলের মধ্যে সেটি এখন নেই।
শুধু সেরা দল গড়াই নয়, সাফল্যের জন্য চাই আরও কিছু। পরিপূর্ণ কোচিং স্টাফ, অবকাঠামোগত সুবিধা ও পেশাদারি মনোভাবে বাংলাদেশে এখন শেখ জামালই এগিয়ে।
কার কী দায়িত্ব, সেটি নিয়েও সজাগ থাকেন শেখ জামালের এই স্বপ্নযাত্রার নেপথ্যের মানুষটি মনজুর কাদের। শুধু দলের পেছনে দেদার টাকাই ঢালেন না, দলকে উজ্জীবিতও করেন ক্লাব সভাপতি। ভুটানের এই কিংস কাপেই একাধিকবার গেছেন থিম্পুতে। দলকে ২০ হাজার ডলার পুরস্কার দিয়ে বাড়তি প্রেরণা জুগিয়েছেন। ভুটান থেকে কাল সকালে ঢাকা ফিরে মনজুর কাদের বলছিলেন, ‘সেমিফাইনালে দল যখন মার্সিয়াংদির কাছে হারতে বসেছে, মাত্র ১৫ মিনিট বাকি। ঢাকায় বসেই কোচ মারুফকে ফোন করে বললাম, তোমার ক্যারিশমা দেখাও প্লিজ। কিছু একটা করো। এরপর মারুফ ডিফেন্ডার নাসিরকে স্ট্রাইকিংয়ে তুলে ম্যাচ বের করে এনেছে। আমি এভাবেই সারাক্ষণ দলটার পেছনে থাকি।’
সত্যি বলতে মনজুর কাদেরের ব্যক্তিগত আগ্রহ, নিজেদের সেরা হিসেবে তুলে ধরার ব্যাকুলতাই দলটির সীমানা পেরোনোর গল্পের বড় অংশ জুড়ে থাকছে। সনি নর্দে চলে যাওয়ায় ইন্ডিয়ান সুপার লিগে অ্যাটলেটিকা ডি কলকাতার তুরুপের তাস ইথিওপিয়ার জাতীয় দলের ফিকরুকে চেয়েছিলেন সভাপতি, ‘মানি ইজ নো প্রব্লেম’ও বলে দেন। তবে ফিকরুকে পাওয়ার স্বপ্ন অপূর্ণই থাকছে। কিংস কাপে থাইল্যান্ডের নাকন রাতচাসিমার এক বিদেশি খেলোয়াড়কে পছন্দ হলে তাঁকেও দলে নিতে চেয়েছেন টাকার মায়া না করে। ওই খেলোয়াড় থাই ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ, কাজেই পাওয়া যাবে না। কিন্তু শেখ জামাল চেষ্টা চালিয়েই যাচ্ছে। অন্যদের চেয়ে তারা আলাদা।
এ কারণেই কিংস কাপের ট্রফি দেওয়ার সময় ভুটানের রাজা পর্যন্ত প্রশংসা করেছেন শেখ জামালের। দেশের ফুটবলে এটা ইতিবাচক প্রভাব ফেলবে মনে করছে ফুটবল অঙ্গন। গত রাতে ঢাকায় ফেরা দলটিকে তাই বড় সংবর্ধনা দেওয়ারই প্রস্তুতি চলছে।