শেখ জামালের সামনে চ্যাম্পিয়ন মানাং
গ্রুপের তিন ম্যাচে দুই জয়, এক ড্র। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে ওঠা। তার মধ্যে পরশু শেষ গ্রুপ ম্যাচে মোহনবাগানকে ৫-৩ গোলে হারানোর সুখানুভূতি। টাটকা এই স্মৃতিকে সঙ্গী করেই আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম সেমিফাইনালে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে নকআউট হওয়ায় নিতে হচ্ছে বাড়তি সতর্কতাও।
প্রতিপক্ষ নেপালের মানাং মার্সিয়াংদি ভুটানের এই কিংস কাপে গতবারের চ্যাম্পিয়ন। সেই ফাইনালে তারা ৪-২ গোলে হারিয়েছিল ভুটানের ইয়েদজিন এফসিকে। তবে মানাংয়ের জন্য কিংস কাপের শিরোপা এবার ছিনিয়ে নিতে আটঘাট বেঁধেই থিম্পু গিয়েছে শেখ জামাল। কলকাতা মোহনবাগান ও থাইল্যান্ডের নাকন রাতচাসিমাও শিরোপার অন্যতম দাবিদার। তবে শেখ জামাল কোচ মারুফুল হক ফাইনালে ওঠার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই।
মানাংও সামনে তাকাচ্ছে। গ্রুপপর্বে নেপালের এই চ্যাম্পিয়ন দলটি খুব একটা শক্ত প্রতিরোধের মুখে পড়েনি। পুনে এফসির সঙ্গে তাদের ম্যাচটা যা একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। সেটি মনে করে মানাং কোচ নবীন নিউবেল বলেছেন, ‘গ্রুপে আমরা বড় বাধা পাইনি। কিন্তু এখন আমাদের শক্ত দলের সঙ্গে খেলতে হবে।’ শেখ জামালকে একটা হুমকিও দিয়ে রাখলেন তিনি, ‘শেখ জামালকে হারিয়ে প্রমাণ করতে চাই দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল আমরা।’
শেখ জামাল নিশ্চয়ই এটা হতে দিতে চাইবে না?